শাহরুখ শহীদের নাটক ‘রোদেলা’
‘ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদ জীবিত থাকা অবস্থায় নাটকটির সব কিছুই চূড়ান্ত করে গেছেন। তখন অবশ্য নাটকটির নির্দেশনা দেওয়ার কথা ছিল আমার। কিন্তু এরই মধ্যে হঠাত্ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। পরে নানা ব্যস্ততার কারণে নাটকটির কাজ আর শুরু করতে পারিনি। সম্প্রতি জুবায়ের আমার কাছে এসেছিল নাটকের একটি চিত্রনাট্যের জন্য। কথা-প্রসঙ্গে আসে শাহরুখ ভাইয়ের কথা। তখনই জুবায়ের তাঁকে নিয়ে আগ্রহ দেখায়। মূলত তাঁর আগ্রহের কারণেই নাটকটির স্ক্রিপ্টটা তাঁকে দিয়ে দিই।’ বলছিলেন নির্মাতা এস এ হক অলীক।এর পরপরই শাহরুখ শহীদের এ গল্পটি নিয়ে কাজ শুরু করেন তরুণ নির্মাতা জুবায়ের ইবনে বকর। সম্প্রতি ঢাকা ও আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটি সম্পর্কে পরিচালক জুবায়ের বলেন, ‘শাহরুখ ভাই আমার অসম্ভব পছন্দের একজন মানুষ। তাঁর স্ক্রিপ্ট নিয়ে কাজ করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। অবশেষে অলীক ভাইয়ের সহযোগিতায় সেটা সম্ভব হয়েছে।’ তিনি এও বলেন, নাটকটি প্রয়াত শাহরুখ শহীদকে উৎসর্গ করা হয়েছে।নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, লাক্স তারকা মিম ও কথাবন্ধু নীরব। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ‘এর আগে শাহরুখ শহীদের আরও দুটি নাটকে আমি কাজ করেছিলাম। সেগুলো ছিল দীপঙ্কর দীপন ও এস এ হক অলীকের। শাহরুখ শহীদের স্ক্রিপ্টে কাজ করে আমার মনে হয়েছে, সব সময় কোনো না কোনো সামাজিক বক্তব্য থাকে তাতে। ব্যাপারটি আমার খুবই ভালো লাগে। আর ব্যক্তি শাহরুখ শহীদ তো অতুলনীয়।’মিম বলেন, ‘নাটকের গল্পটি আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। তাই কাজ করে খুবই ভালো লেগেছে।’