শাহরুখ সম্পর্কে সালমানের বেফাঁস মন্তব্য
বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা সালমান খান ও শাহরুখ খানের সাপে-নেউলে সম্পর্কের ইতি বোধহয় খুব শিগগির হচ্ছে না। কারণ, সম্প্রতি আবারও শাহরুখ সম্পর্কে বেফাঁস মন্তব্য ছুড়েছেন ‘এক থা টাইগার’ তারকা সালমান। তাঁর মতে, অতি-অভিনয় করানোর প্রয়োজন হলে নির্মাতাদের উচিত শাহরুখকে নেওয়া। সম্প্রতি মুম্বাইয়ের ইয়ারি রোডের একটি বাংলোতে মডেল ও অভিনেত্রী আমনা শরিফের সঙ্গে বিজ্ঞাপনচিত্রের শুটিং করছিলেন সালমান। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই তিনি ক্যামেরার সামনে দাঁড়ান। সহকর্মী আমনার দিকে হেঁটে যাওয়ার দৃশ্য নির্দেশকের মনমতো না হওয়ায় তিনি সালমানকে আবার হাঁটতে বলেন। ব্যস, এতেই ভীষণ চটে যান খান সাহেব এবং নির্দেশককে উদ্দেশ্য করে ঝাঁজালো মন্তব্য ছুড়তে থাকেন। সালমান বলেন, ‘সুন্দরভাবে হাঁটানোর দরকার পড়লে কোনো মডেলকে ডাকলেই হতো।’ এখানেই শেষ নয়। রাগে উন্মত্ত সালমান বলতে থাকেন, ভালো অভিনয় করাতে হলে হূতিক রোশনকে আর অতি-অভিনয় করানোর প্রয়োজন হলে শাহরুখকে ডাকা উচিত ছিল, তাঁকে নয়। নির্দেশককে কথায় ঘায়েল করার পর রাগে ফুঁসতে ফুঁসতে শুটিং স্পট ছেড়ে চলে যান সালমান।