শাহরুখ-সালমান বৈরিতার বরফ গলছে!
তবে কি বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা শাহরুখ খান ও সালমান খানের মধ্যকার বৈরিতার বরফ গলতে শুরু করেছে! সম্প্রতি শাহরুখের জন্য সালমান খান শুভকামনা জানানোর পর এমনটাই বলছেন বলিউডের বাসিন্দারা।১৫ আগস্ট মুক্তি পাচ্ছে সালমানের ‘এক থা টাইগার’ ছবিটি। তাঁর প্রত্যাশা, বলিউডের সব ছবিই দারুণ ব্যবসা করুক। এমনকি বলিউডে তাঁর ‘চিরশত্রু’ হিসেবে বিবেচিত শাহরুখের ছবিরও ভালো ব্যবসা প্রত্যাশা করেছেন সালমান। এ প্রসঙ্গে ডিএনএ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেছেন, ‘বলিউডের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিনকে দিন বেড়ে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ছবিগুলোর মধ্যে। আমি চাই, আমির খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে শুরু করে সবার ছবিই ভালো ব্যবসা করুক।’শাহরুখের ছবি সম্পর্কে সালমান বলেন, ‘অবশ্যই আমি চাই, তাঁর সব ছবি ব্যবসায়িক সাফল্য অর্জন করুক। শাহরুখের প্রতি আমার শুভকামনা রইল।’ এর আগে শাহরুখও বিভিন্ন সময়ে সালমানের ছবি নিয়ে শুভকামনা জানিয়েছেন। সবার প্রত্যাশা, হয়তো এভাবেই ধীরে ধীরে জোড়া লাগবে সালমান ও শাহরুখের বন্ধুত্বের ফাটল।