শাহরুখকে চ্যালেঞ্জ করলেন ক্যাটরিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বেশি ভালো নাচতে পারে তা প্রমাণের জন্য ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অবশ্য মজা করেই শাহরুখের প্রতি এ চ্যালেঞ্জ ছুড়েছেন ক্যাটরিনা। ‘যব তক হ্যায় জান’ ছবির জন্য সম্প্রতি বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে সেরা জুটি নির্বাচিত হয়েছেন শাহরুখ ও ক্যাটরিনা। পুরস্কারটি পাওয়ার পর ক্যাটরিনার উদ্দেশে শাহরুখ মজা করে বলেন, ‘আসলে নাচে আমার যথেষ্ট পারদর্শিতা আছে বলেই এই পুরস্কারটি আমরা পেলাম।’ জবাবে শাহরুখের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে ক্যাটরিনা বলেন, ‘কে বেশি ভালো নাচে তা প্রমাণের জন্য আবার একসঙ্গে নাচতে হবে আমাদেরকে।’ মজা করে চ্যালেঞ্জ ছুড়লেও, নিয়তি সত্যি সত্যিই শাহরুখের সঙ্গে আবারও নাচের সুযোগ করে দিয়েছে ক্যাটরিনাকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, আসছে জানুয়ারিতে একসঙ্গে মঞ্চ পরিবেশনায় অংশ নেবেন শাহরুখ-ক্যাটরিনা। দুবাইতে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘যব তক হ্যায় জান’ ছবির জনপ্রিয় ‘ইশক শাভা’ গানের সঙ্গে নাচবেন তাঁরা। এরমধ্যে অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য চুক্তি স্বাক্ষরও করেছেন এই দুই তারকা। প্রসঙ্গত, এর আগে ‘যব তক হ্যায় জান’ ছবির গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগযুদ্ধে জড়িয়েছিলেন বলিউডের প্রথম সারির এই দুই তারকা। ছবির ‘ছাল্লা’ গানটিতে শাহরুখের গিটার বাজানোর দৃশ্যের সমালোচনা করে ক্যাটরিনা বলেছিলেন, ‘গিটার বাজানোর দৃশ্যটি মোটেও বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তুলতে পারেননি শাহরুখ। গিটারের তারে তিনি যেভাবে আঙুল চালিয়েছেন, সেটা দেখে মেকি বলেই মনে হয়েছে আমার।’ ক্যাটরিনার এমন ঝাঁঝালো মন্তব্যের রেশ ধরে শাহরুখ বলেন, ‘মেরে ব্রাদার কি দুলহান ছবির একটি গানে তাঁকেও আমি গিটার বাজাতে দেখেছি। সেখানে তিনি যে খুব বিশ্বাসযোগ্যভাবে গিটার বাজিয়েছেন, তা কিন্তু নয়।’ এর পরিপ্রেক্ষিতে ক্যাটরিনার কড়া মন্তব্য ছিল, ‘অন্তত শাহরুখের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত ছিল আমার গিটার বাজানোর দৃশ্য।’ ক্যাটরিনার এমন চাঁচাছোলা জবাব শুনে তাঁর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শাহরুখ বলেন, ‘আমি চাই, ছাল্লা গানের সঙ্গে গিটার বাজানো শিখে পরবর্তী সংবাদ সম্মেলনে বাজিয়ে শোনাবে ক্যাটরিনা।’ ক্যাটরিনাও বিনা বাক্যব্যয়ে শাহরুখের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন।