শাহরুখকে দেখতে ৩৩০০ ডলার!
প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য ভক্ত-শ্রোতারা যেকোনো কষ্ট স্বীকার করতেই রাজি। তেমনি একটি ঘটনা ঘটেছে গতকাল বুধবার মালয়েশিয়ার দ্বীপ মালাক্কায়। সেখানে শুটিং করছিলেন বলিউডের কিং খান বলে পরিচিত শাহরুখ খান। আর তাঁর সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশি নাগরিক মেহজাবিন এরাম অলীম দুই দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে অনেক কষ্টের বিনিময়ে তিনি ঠিকই প্রিয় তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন। তবে এ জন্য তাঁকে প্রায় তিন হাজার ৩০০ ডলার গুনতে হয়েছে। তার পরও মেহজাবিনের এতে কোনো ধরনের আপসোস নেই। কারণ, প্রিয় তারকার সঙ্গে তো অন্তত দেখা করার সুযোগটা পেয়েছেন।বলিউড বাদশা শাহরুখ খান এক মাস ধরে মালয়েশিয়ার দ্বীপ অঞ্চল মালাক্কায় ‘ডন’ ছবির সিক্যুয়েল ‘ডন টু’র শুটিং করছিলেন। আর এ সময়ই একটি পত্রিকার সংবাদের মাধ্যমে শাহরুখ জানতে পারেন মেহজাবিনের তাঁর সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষার কথা। আর এ জন্য মেয়েটি যে অনেক টাকা-পয়সাও খরচ করেছেন, সেটাও জানতে পারেন। এদিকে শুটিং চলাকালে গাড়িতে ওঠার সময় হঠাত্ করে বলিউড বাদশার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন মেহজাবিন। এমনকি শাহরুখের অটোগ্রাফ নিতেও সক্ষম হন।শাহরুখের সঙ্গে দেখা হওয়ার প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে মেহজাবিন বলেন, ‘এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বেশ খুশি আমার স্বপ্নের তারকার সঙ্গে সাক্ষাত্ করতে পেরে।’ তিনি এ-ও বলেন, ‘শাহরুখের সঙ্গে দেখা করার সময়টিতে মনে হচ্ছিল, আমি স্বপ্নরাজ্যে বাস করছি।’ অর্থ খরচ এবং দীর্ঘ প্রতীক্ষার পর মেহজাবিন তাঁর স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পান মালয়েশিয়ার আয়র কিরোহ শহরের একটি রিসোর্টে।