শাহরুখকে নিয়ে বাহাসে ভারত-পাকিস্তান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত উত্তেজনার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে বলিউড তারকা শাহরুখ খানকে নিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। শাহরুখের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। আজ মঙ্গলবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের দেওয়া এক অভ্যর্থনায় অংশ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরুখকে নিরাপত্তা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। শাহরুখ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি জন্মসূত্রে ভারতীয়। তিনি ভারতেই থাকতে পারেন। কিন্তু তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাই।ভারতের একটি সাময়িকীতে ৯/১১-পরবর্তী বিশ্বে একজন মুসলমান হিসেবে শাহরুখের তিক্ত অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় রেহমান মালিক এমন মন্তব্য করেছেন।ভারত সরকার ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রেহমান মালিকের এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। আজ সকালে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে যথেষ্ট সক্ষম। এটা নিয়ে পাকিস্তানের উদ্বিগ্ন না হলেও চলবে।’

কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার ভঙ্গুর পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে মালিকের উচিত তাঁর নিজের দেশের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন হওয়া।আলভি আরও বলেন, ‘পাকিস্তানে কী হচ্ছে—তা আমরা সবাই জানি। কোনো ভারতীয়কে নিয়ে কিছু বলার কোনো অধিকারই নেই পাকিস্তানের। এমনকি যখন কোনো পাকিস্তানি শিল্পী ভারতে আসেন, আমরা তাঁদের নিরাপত্তা দিই। ভারতে মুসলমানরা সবচেয়ে নিরাপদ।’দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে দেওয়া প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। এ ব্যাপারে দিল্লির পক্ষ থেকে ইসলামাবাদে কড়া প্রতিক্রিয়া পাঠানোরও দাবি জানিয়েছে বিজেপি।