শাহরুখকে নিয়ে সরাসরি ১০ ঘণ্টা
১০ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কিং খান লাইভ ইন ঢাকা। বৈশাখী টিভি শাহরুখ খানের এ অনুষ্ঠানটি টানা ১০ ঘণ্টা সরাসরি সম্প্রচার করবে। জানা গেছে, বেলা তিনটা থেকে শুরু হবে অনুষ্ঠান। মাঝে খবরের বিরতিসহ রাত একটা পর্যন্ত চলবে বৈশাখীর সরাসরি সম্প্রচার। টানা ১০ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার প্রসঙ্গে বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল বললেন, ‘মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। এ অনুষ্ঠানকে ঘিরে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বড় পর্দা স্থাপন করা হবে। আমাদের প্রতিনিধিরা সেখান থেকে সর্বশেষ তথ্য জানাবেন। শাহরুখকে নিয়ে এরই মধ্যে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করা হয়েছে। আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানের ফাঁকে সেগুলো দেখানো হবে। বৈশাখী টিভির নিজস্ব স্টুডিও থেকে থাকবে বাংলাদেশের তারকা শিল্পী ও সাংবাদিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠান।’ঢাকার বাইরে চট্টগ্রামের দর্শকদের জন্যও থাকছে আয়োজন। ‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানকে ঘিরে সেখান থেকেও নানা কিছু সরাসরি দেখানো হবে।মঞ্জুরুল আহসান বুলবুল আরও বললেন, ‘শুরু থেকেই সারা দেশের মানুষের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে আগ্রহ লক্ষ করছি। দর্শকদের আগ্রহ বিবেচনা করেই কিং খান লাইভ ইন ঢাকার সঙ্গে আমরা যুক্ত হয়েছি।’টানা ১০ ঘণ্টার এ অনুষ্ঠানটির গ্রন্থনা করবেন পলাশ মাহবুব।