শাহরুখকে শাবানা আজমির বিশেষ অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের ছবির কাহিনিতে সাধারণত মূল অভিনেতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে নারীকেন্দ্রিক চলচ্চিত্রও নির্মিত হচ্ছে বলিউডে। এ ধরনের ছবিতে শাহরুখকে অভিনয়ের অনুরোধ জানালেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। রুপালি পর্দায় ছবির অভিনয়শিল্পীদের নাম ভেসে ওঠার সময় শাহরুখের নামের আগে যেন তাঁর সহ-অভিনেত্রীর নাম ভেসে ওঠে—সম্প্রতি বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেছেন শাহরুখ। মূলত, এর পরপরই নারীকেন্দ্রিক চলচ্চিত্রে শাহরুখকে অভিনয়ের অনুরোধ জানালেন শাবানা। এক খবরে এ তথ্য দিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শাবানা লিখেছেন, ‘শাহরুখ ছবির সহ-অভিনেত্রীকে এভাবে গুরুত্ব দেওয়ার বিষয়টি উপলব্ধি করায় আমি অনেক খুশি। আমি তাঁকে এমন কিছু ছবিতে অভিনয়ের অনুরোধ করছি, যেখানে কেন্দ্রীয় নারী চরিত্রটিই হবে মুখ্য, আর শাহরুখের চরিত্রটি হবে গৌণ।’আগস্টে মুক্তি পাচ্ছে শাহরুখ অভিনীত নতুন ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন দীপিকা পাড়ুকান। গৌরি খান প্রযোজিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পরিচালক রোহিত শেঠি।