শাহরুখকে ‘না’, সালমানকে ‘হ্যাঁ’ বললেন শিরীষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের হাতে চড় খাওয়ার ক্ষোভ তাহলে এখনো পুষে রেখেছেন শিরীষ কুন্দার! আর তাই তো শাহরুখকে বন্ধু ভাবেন না বলেই সম্প্রতি জানালেন বলিউডের এ চিত্রনির্মাতা ও সম্পাদক। স্ত্রী ফারাহ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের অন্তর্ভুক্তির কারণে সেই ছবির সঙ্গে নিজেকে না জড়ানোর সিদ্ধান্তও নিয়েছেন তিনি। অন্যদিকে শাহরুখের চিরশত্রু সালমান খানের ‘কিক’ ছবি পরিচালনার জন্য এরই মধ্যে পাকা কথা দিয়ে ফেলেছেন শিরীষ।এ প্রসঙ্গে শিরীষের উদ্ধৃতি দিয়ে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘শাহরুখ আমার স্ত্রী ফারাহ খানের খুব কাছের বন্ধু। কিন্তু আমি শাহরুখকে মোটেও বন্ধু বলে মনে করি না। ফারাহর পরিচালনায় শাহরুখ অভিনীত পরবর্তী ছবি হ্যাপি নিউ ইয়ারে আমি কোনো কাজ করব না।’এদিকে, ‘কিক’ ছবি পরিচালনা সম্পর্কে শিরীষ জানিয়েছেন, ‘সালমান খান নিজেই আমাকে ছবিটি পরিচালনার প্রস্তাব দিয়েছেন। এর চিত্রনাট্য পুরোপুরি তৈরি আছে। কাজেই পরিচালনা ছাড়া আমাকে আর কিছুই করতে হবে না। এখন থেকে অন্যের লেখা চিত্রনাট্য থেকেই ছবি পরিচালনা করব। এতে সময় বাঁচবে এবং বেশি বেশি ছবির কাজ করতে পারব। কিক অ্যাকশনধর্মী ছবি। এটাকে আন্তর্জাতিক মানের একটি ছবি বানানোর চেষ্টা থাকবে আমাদের।’