শাহরুখে দিওয়ানা দীপিকা!

শাহরুখকে ভালোবাসা আর আনন্দ ছাড়া আর কিছুই দিতে পারি না আমি। প্রতিদিন আমি তাঁকে চুমু উপহার দিই।’ সম্প্রতি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রচারণার সময় এমন গোলমেলে মন্তব্য করেছেন দীপিকা পাড়ুকোন।
‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান সম্পর্কে দীপিকা এমন মন্তব্য করে কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয়। তবে এটা স্পষ্ট, এমন উক্তির মধ্য দিয়ে শাহরুখের প্রতি তাঁর তীব্র ভালোবাসারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
শাহরুখে মুগ্ধ দীপিকা কিং খানকে নিয়ে আরও বলেছেন, ‘যেন বয়সের সঙ্গে পাল্লা দিয়ে তাঁর সৌন্দর্য আর আকর্ষণক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। দিনকে দিন তিনি আরও বেশি সুন্দর হয়ে উঠছেন।’
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন দীপিকা। শাহরুখ-দীপিকার বয়সের ব্যবধান ২০ বছর হলেও পর্দায় এ জুটির রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
ছয় বছর পর রোহিত শেঠি পরিচালিত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে আবার জুটি বেঁধেছেন শাহরুখ-দীপিকা। বিশাল বাজেটের ছবিটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর, রনি স্ক্রুওয়ালা ও শাহরুখপত্নী গৌরী খান। ঈদ সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে ‘চেন্নাই এক্সপ্রেস’ মুক্তি পাচ্ছে ৯ আগস্ট। তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ছবিটি এক দিন আগেই, অর্থাত্ ৮ আগস্ট মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন এর নির্মাতারা।