শাহরুখের অনুষ্ঠানের টিকিট দু-এক দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেতা শাহরুখ খানের বাংলাদেশে আসার বিষয়টি পুরোপুরি চূড়ান্ত। অন্তর শোবিজের আমন্ত্রণে আগামী ৯ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। ১০ ডিসেম্বর শুক্রবার ঢাকার আর্মি স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘কিং খান লাইভ ইন ঢাকা’। দু-এক দিনের মধ্যে অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে। দুই দেশের সরকারের সহযোগিতায় এই আয়োজনে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং গায়ক কুমার বিশ্বজিত্ও একই মঞ্চে পারফর্ম করবেন। এ ছাড়া শাহরুখ খানের সঙ্গে একটি নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশি নৃত্যশিল্পী প্রান্তর। শাহরুখের সঙ্গে বাংলাদেশে আরও আসছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি, ইশা কোপিকার, শেফালী জরিওয়ালা, বলিউড অভিনেতা অর্জুন রামপাল, নৃত্য পরিচালক গনেশ হেজ, সংগীতশিল্পী নীরজ শ্রীধরসহ ৪৮ জনের আলাদা নৃত্যদল।বৈশাখী টেলিভিশন ‘কিং খান লাইভ ইন ঢাকা’ সরাসরি সম্প্রচার করবে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা লাউঞ্জে বৈশাখী টেলিভিশন ও আয়োজক অন্তর শোবিজের মধ্যে এক যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন ও অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখীর প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, মার্কেটিং ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, নির্বাহী সম্পাদক মো. ফরিদ আক্তার, অন্তর শোবিজের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী প্রমুখ। শাহরুখ খানের আগমন উপলক্ষে ঢাকার আর্মি স্টেডিয়ামকে একটি নয়নাভিরাম থিয়েটারের আদলে সাজানো হচ্ছে। চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে। ব্রোঞ্জ তিন হাজার, সিলভার পাঁচ হাজার, গোল্ড ১০ হাজার এবং প্লাটিনাম টিকিটের দাম রাখা হয়েছে ২৫ হাজার টাকা। ‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রয়োজনে ৯৮৮১৯২৮, ৯৮৮২১৬০, ০১৯৭৭৩৩৩৩২২ এবং ০১৭১১৬৬৬১২৯ এ চারটি নম্বরে যোগাযোগ করা যাবে।