শাহরুখের আঘাত নিয়ে শঙ্কা

‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিংয়ে আহত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ খান। শুরুতে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানানো হলেও পরে চিকিত্সকেরা শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, শাহরুখের কাঁধ ও হাঁটুর আঘাত গুরুতর। আগামী দুই থেকে তিন সপ্তাহ তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ের জুহুতে একটি পাঁচতারকা হোটেলে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং করার সময় হঠাত্ একটি দরজা শাহরুখের ওপর পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দ্রত তাঁকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় চিকিত্সা শেষে সেখান থেকে ফিরে গিয়ে আবার ছবির শুটিং করেন তিনি। এমন সাহসিকতার জন্য ছবির সেটের সবাই তাঁকে ‘রিটার্নিং হিরো’ বলে সম্বোধন করেন এবং দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
শুটিং শেষ করে বৃহস্পতিবার রাতে আবার হাসপাতালে যান শাহরুখ। সেখানে তাঁর বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইন্দো-এশিয়ান নিউজ জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার ফলাফল থেকে জানা যায়, শাহরুখের ডান কাঁধ ও বাম হাঁটুতে গুরুতর চোট লেগেছে। আগামী দুই থেকে তিন সপ্তাহ তাঁকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা।
শাহরুখের জন্য শুটিংয়ে আহত হওয়ার অভিজ্ঞতা মোটেও নতুন নয়। এখন পর্যন্ত বহুবার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি। নব্বইয়ের দশকে ‘কয়লা’ ছবির শুটিং করতে গিয়ে প্রথম হাঁটুতে গুরুতর চোট পান শাহরুখ। গত এক দশকে শুটিং করতে গিয়ে আরও অনেকবার কাঁধ, মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি। এমনকি সুস্থ হওয়ার জন্য চিকিত্সকের ছুরি-কাঁচিরও দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।
২০১১ সালে শুটিং করতে গিয়ে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন শাহরুখ। সে বছরই মুক্তি পাওয়া ‘রা ওয়ান’ ছবির শুটিংয়েও আহত হন তিনি। শুধু তাই নয়, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েও আহত হয়েছিলেন শাহরুখ। এজন্য গত বছর তাঁর কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল।