শাহরুখের আনন্দ শাহরুখের দুঃখ!

এমনটা তো হওয়ার কথা ছিল না! তাঁর এখন ভেসে বেড়ানোর কথা ছিল সুখের সপ্তম স্বর্গে। অথচ বাবা হওয়ার স্বর্গীয় আনন্দ ঠিকমতো উপভোগই করতে পারছেন না খান সাহেব। তৃতীয়বারের মতো বাবা হওয়ার খবরটা নিশ্চিত করতে গিয়ে শাহরুখ জানান, এটি তাঁর জন্য মিশ্র এক অনুভূতি। একই সঙ্গে তিনি খুশি ও ব্যথিতও!
শাহরুখের বাবা হওয়া নিয়ে এই কদিনে কম জল ঘোলা হয়নি। বাবা হতে গিয়ে ‘সারোগেসি’-পদ্ধতি (অন্য নারীর গর্ভ ভাড়া নেওয়া) বেছে নেওয়া, সন্তান জন্মের আগেই সেই সন্তানের লিঙ্গ নিশ্চিত করা—এসব নিয়ে তোপের মুখে পড়েছিলেন বলিউড-বাদশা। কিন্তু তাঁর ব্যক্তিগত ব্যাপারস্যাপারে অন্যের এভাবে নাক গলানো যে পছন্দ হয়নি, সেটাই বুঝিয়ে দিয়েছেন শাহরুখ, ‘এই মুহূর্তে দুঃখ ও আনন্দের কিছুটা মিশ্র অনুভূতি হচ্ছে। আমি অনুরোধ করব, আমার সন্তানের ওপর গোয়েন্দাগিরি করতে তারা যে পরিমাণ শক্তি ব্যয় করছে, সেই একই পরিমাণ উদ্যম যেন সেসব বিষয়েও তারা দেখায়, যেগুলোতেই আসলে তাদের মনোযোগ থাকা উচিত।’
এ বিষয়ে আর একটা শব্দও খরচা করতে রাজি নন জানিয়ে শাহরুখ বলেছেন, বিষয়টি থেকে দুঃখের অংশটা উবে গেলে আবার এ নিয়ে কথা বলবেন তিনি। তাঁর তৃতীয় সন্তান ছেলে নাকি মেয়ে, এ ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলেননি। তবে সূত্রগুলো জানিয়েছে, পুত্রসন্তানেরই বাবা হয়েছেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা। এনডিটিভি।