শাহরুখের কনসার্টে থাকছেন না কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্মি স্টেডিয়ামে শাহরুখ খানকে নিয়ে কিং খান লাইভ ইন ঢাকা অনুষ্ঠানে গান গাইবেন না কুমার বিশ্বজিৎ। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ফোনে বলেন, ‘আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের সঙ্গে যে ধরনের পরিকল্পনা হয়েছিল, অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে দেখা যাচ্ছে তার কিছুই ঠিক নেই। এত বড় একটা আয়োজনের আগে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল, সেটা আমি আয়োজক কর্তৃপক্ষ থেকে পাইনি। এটা আমার জন্য খুবই বিব্রতকর। আমি মনে করি, এর সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তির প্রশ্ন জড়িত। তাই অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও জানান, প্রস্তুতি ছাড়া অনুষ্ঠানে নিজেকে যথাযথভাবে উপস্থাপনা করা সম্ভব নয়। বাংলাদেশের একজন সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে দুর্বল উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ধৃষ্টতা তাঁর নেই বলেও তিনি জানান।কুমার বিশ্বজিৎ জানান, তাঁর এই সিদ্ধান্ত এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।