শাহরুখের জন্মদিনে মমতার শুভেচ্ছা

‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের ৪৮তম জন্মদিন ছিল গতকাল ২ নভেম্বর। আরও অনেকের পাশাপাশি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মমতা তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘শাহরুখের জন্মদিনের এক দিন আগেই আমি তাঁর সঙ্গে কথা বলে অভিনন্দন জানিয়েছিলাম। তিনি পশ্চিমবঙ্গের শুভেচ্ছাদূত। তিনি বাংলাকে অনেক ভালোবাসেন। সবার পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমি।’
মমতা আরও লিখেছেন, ‘আমাদের প্রত্যাশা, শাহরুখ আরও বহু বছর ধরে তাঁর সাফল্যযাত্রা অব্যাহত রাখবেন। সুস্বাস্থ্য ধরে রেখে জীবনে অনেক উন্নতি করবেন।’ আসছে ১০ নভেম্বর ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের অন্যতম প্রভাবশালী তারকা অভিনেতা শাহরুখ খান। অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় তিনি অংশ নেবেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
‘বলিউড বাদশা’ শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন। প্রথমদিকে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন তিনি। ১৯৮৮-৮৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘আজিজ মির্জা সার্কাস’ দিয়ে নিজেকে সবার কাছে আলোচিত করে তোলেন শাহরুখ। মায়ের মৃত্যুর পর ১৯৯১ সালে শাহরুখ খান মুম্বাইয়ে চলে যান। ১৯৯১ সালের ২৫ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিকা গৌরীকে বিয়ে করেন শাহরুখ।
বিয়ের পর শাহরুখ খান প্রথম ছবির প্রস্তাব পান। ‘দিল আসনা হ্যায়’ নামের এই ছবিটি ছিল হেমা মালিনী পরিচালিত প্রথম ছবি। ছবিটি মুক্তি পেতে দেরি হওয়ায় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। প্রথম ছবিতেই সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার অর্জন করেন শাহরুখ। ১৯৯৩ সালে ‘বাজিগর’ ও ‘ডর’ ছবিতে খল চরিত্রের অভিনয় শাহরুখ খানকে বলিউডে প্রতিষ্ঠিত করে দেয়।
শাহরুখ খান অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫), দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), মোহাব্বতে (২০০০), কাভি খুশি কাভি গাম (২০০১), দেবদাস (২০০২), কাল হো না হো (২০০৩), বীর-জারা (২০০৪), ওম শান্তি ওম (২০০৭), রা ওয়ান (২০১১), চেন্নাই এক্সপ্রেস (২০১৩) ইত্যাদি।
কাজের স্বীকৃতি হিসেবে শাহরুখ খান ১৩ বার ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সাতবারই সেরা অভিনেতার পুরস্কার। তিনি ‘পদ্মশ্রী’ খেতাবে ভূষিত হন ২০০৫ সালে। এ ছাড়া আরও অনেক পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনয়শিল্পী।