শাহরুখের জন্য উপহার
আগামী ৯ ডিসেম্বর ঢাকা আসছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাঁর ঢাকা সফরকে আরও স্মরণীয় করার জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দেওয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া শাহরুখ খানের খাবারের তালিকায় রাখা হয়েছে দেশীয় সব আয়োজন। শাহরুখ খান ৯ ডিসেম্বর দিনের যেকোনো সময় চার্টার্ড বিমানে করে সপরিবারে ঢাকা আসবেন বলে জানান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেন, ‘শাহরুখ খানের ঢাকা সফরে এরই মধ্যে নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সরকারি পর্যায় থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও মিলেছে।’স্বপন চৌধুরী আরও বলেন, ‘আমাদের জামদানি এবং টাঙ্গাইল শাড়ির বিশ্বজোড়া একটা খ্যাতি রয়েছে। শাহরুখ খানের মাধ্যমে এ খ্যাতিটাকেও আরও দূরে ছড়িয়ে দিতে চাই। তাই শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে আমরা বাংলাদেশের জামদানি ও টাঙ্গাইল শাড়ি উপহার দেওয়ার চিন্তা করেছি। এ ছাড়া শাহরুখ খানকে আড়ং এবং দেশী দশ নামের প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।’শাহরুখ খানকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে থাকছে পাঞ্জাবি, শেরওয়ানি, লুঙ্গিসহ বিভিন্ন স্যুভেনিয়র। এ ছাড়া শাহরুখের দুই সন্তান আরিয়ান এবং সুহানার জন্যও থাকবে দেশীয় উপকরণে তৈরি নানা উপহার।