শাহরুখের জন্য বাংলায় গাইবেন একন!
শাহরুখ খানের ‘রাওয়ান’ ছবিতে ‘ছাম্মাক ছাল্লো’ গানটি গেয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন মার্কিন রিদম অ্যান্ড ব্লুজ গায়ক একন। ছবির ‘ক্রিমিনাল’ গানটিতেও কণ্ঠ দিয়েছেন তিনি। দুটি গানেই হিন্দি উচ্চারণে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন এই শিল্পী। এবার শাহরুখের কলকাতা নাইট রাউডার্স দলের জন্য তিনি বাংলায় গাইবেন বলেই জানিয়েছে জিনিউজ।৫ বছর অপেক্ষার পর অবশেষে এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। বলাই বাহুল্য, এই বিজয়ে দারুণ খুশি দলটির মালিক বলিউডের অভিনেতা শাহরুখ খান। এরই মধ্যে পরবর্তী আইপিএল মৌসুমকে মাথায় রেখে দলটির জন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছেন শাহরুখ। এরই অংশ হিসেবে তিনি দলটির বর্তমান অ্যান্থেম ‘করব, লড়ব, জিতব রে’ পরিবর্তনের পরিকল্পনা করছেন। আর নতুন সেই গানের গায়ক হিসেবে তিনি চাইছেন একনকে। সবকিছু ঠিক থাকলে, শাহরুখের জন্য এবার বাংলায় গান গাইবেন একন।‘করব, লড়ব, জিতব রে’ গানটির সংগীত পরিচালনা করেছিলেন ‘শিলা কি জওয়ানি’খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতপরিচালক জুটি বিশাল-শেখর। গানটিতে কণ্ঠও দিয়েছিলেন বিশাল। তিনি জানিয়েছেন, ‘নতুনভাবে করব, লড়ব, জিতব রে গানটিকে তৈরির পরিকল্পনা করা হয়েছে। ৫ বছর অপেক্ষার পর শিরোপা জয়ের উচ্ছ্বাসকে তুলে ধরা হবে এ গানে। যেহেতু কলকাতা দলের জন্য এ গান, তাই বাংলা সংস্কৃতির প্রতিফলন পাওয়া যাবে এতে।’গানটিতে একন কণ্ঠ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে বিশাল জানিয়েছেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। কারণ এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এই মুহূর্তে আমি ও শাহরুখ—দুজনই এ বিষয়ে একনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি।’