শাহরুখের জন্য বাদ পড়লেন প্রিয়াংকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সম্প্রতি ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ হারালেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ‘কিক’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের জন্য প্রিয়াংকা উঠে-পড়ে লেগেছিলেন। এমনকি এজন্য সালমানের সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টা করতেও দেখা গেছে তাঁকে। তবে শেষ পর্যন্ত ছবিটিতে সালমানের সঙ্গে জুটি বাঁধার সুযোগটি পেয়ে গেছেন দীপিকা পাড়ুকোন। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অনেক দিন থেকেই সালমানের চিরশত্রু শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে খবরের শিরোনাম হয়ে আসছিলেন প্রিয়াংকা। মাঝে শাহরুখ এবং প্রিয়াংকা তাঁদের সম্পর্কে দেয়াল তোলার চেষ্টা করলেও, সম্প্রতি আবারও কাছাকাছি এসেছেন। শাহরুখের ঘনিষ্ঠ কাউকেই সালমান তাঁর ছবিতে নেওয়ার পক্ষপাতী নন। মূলত এ কারণেই ‘কিক’ ছবিতে ঠাঁই হয়নি প্রিয়াংকার। সূত্রটি আরও জানিয়েছে, সালমানের বোন অর্পিতা খানের সঙ্গে দারুণ দোস্তি আছে প্রিয়াংকার। সেই সূত্র ধরে তিনি প্রায়ই সালমানের বাড়িতে যেতেন। এভাবে ‘কিক’ ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য সালমানের সঙ্গে সখ্য বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন দীপিকা।এদিকে খবর রটেছে সালমান ‘কিক’ ছবিতে দীপিকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য নাকি মুখিয়ে আছেন। খুবই উচ্ছ্বসিত তিনি, জুটি হিসেবে তাঁরা দারুণ সফল হবেন বলেই মনে করছেন সালমান।সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ও পরিচালনায় ‘কিক’ ছবিতে সালমান, দীপিকার সঙ্গে আরও অভিনয় করছেন গোবিন্দ, রণদীপ হুদা প্রমুখ। ছবিটিতে সালমানের বাবার চরিত্রে দেখা যাবে নেপালের প্রখ্যাত অভিনেতা রাজেশ হামালকে। এর মধ্যেই কমেডি-অ্যাকশনধর্মী ছবিটির মারপিটের দৃশ্যের জন্য বিদেশ থেকে পরিচালক ভাড়া করার প্রক্রিয়া শুরু করেছেন সাজিদ।