শাহরুখের পক্ষ নিলেন প্রিয়াংকা
আউটলুক টার্নিং পয়েন্টস’ সাময়িকীতে বলিউডের অভিনেতা শাহরুখ খানের ‘বিয়িং এ খান’ লেখাটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক। ৯/১১-পরবর্তী বিশ্বে একজন মুসলমান হিসেবে তাঁর তিক্ত অভিজ্ঞতা প্রকাশিত হওয়ার পর বিষয়টির খুঁটিনাটি সম্পর্কে খুব বেশি না জানার কথা স্বীকার করলেও, শাহরুখের পক্ষ নিয়েই কথা বলেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার প্রথম আন্তর্জাতিক অডিও অ্যালবামের ‘ইন মাই সিটি’ গানের মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিয়াংকা বলেন, ‘আমি মনে করি, অনেকে নিজেদের মতামত প্রতিষ্ঠিত করতে প্রায়ই তারকাদের ব্যবহার করে ফায়দা লোটার চেষ্টা করেন। বর্তমানে রীতিমতো তাঁদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তারকারা।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।প্রিয়াংকা আরও বলেন, ‘খবর পরিবেশনের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর অনেক বেশি সতর্ক থাকা উচিত। কোনোভাবেই যাতে ভুল বা মিথ্যে তথ্য প্রকাশিত না হয় সেদিকে লক্ষ্য রাখাটা খুব জরুরি।’বরাবরই মিডিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণের জন্য সুপরিচিত প্রিয়াংকা। কিন্তু শাহরুখকে ঘিরে বিতর্ক সংক্রান্ত এক প্রশ্ন শুনে তেলে-বেগুনে জ্বলে ওঠেন তিনি। প্রিয়াংকা নামের শেষে ‘খান’ যুক্ত থাকলে শাহরুখের মতো তিনিও নানা বিতর্কের জন্ম দিতেন কি না—এমন প্রশ্নের জবাবে ক্ষিপ্ত প্রিয়াংকা বলেন, ‘চোপড়া নাম নিয়েও নানা বিতর্কে জড়াতে হচ্ছে আমাকে। ভারতের মতো অসাম্প্রদায়িক একটি দেশে এ ধরনের প্রশ্ন উত্থাপনের বিষয়টি খুবই লজ্জাজনক।’