শাহরুখের পথ অনুসরণ করছেন সালমান!
বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী দুই তারকা শাহরুখ খান ও সালমান খানের মধ্যে চলমান প্রতিযোগিতা কেবল পেশাজীবনেই সীমাবদ্ধ নেই, ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়েছে। সম্প্রতি আবারও তার প্রমাণ মিলেছে। অনেক আগেই দুবাইয়ে বাড়ি কিনেছেন শাহরুখ। এবার তাঁর পথ অনুসরণ করে সালমানও উঠেপড়ে লেগেছেন সেখানে বাড়ি কেনার জন্য।সম্প্রতি দুবাইয়ে ‘মেন্টাল’ ছবির শুটিং শুরু করেছেন সালমান। ছবিটিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন নবাগত ডেইজি শাহ। ছবির গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করছেন টাবু। অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করছেন সালমানের ভাই সোহেল খান। সোহেল নিশ্চিত করেছেন, পরিবারের সদস্যদের নিয়ে থাকার জন্য দুবাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন তাঁরা। জানিয়েছে জিনিউজব্যুরো। এ প্রসঙ্গে সোহেল বলেন, ‘অনেক দিন থেকেই দুবাইয়ে বাড়ি কেনার চেষ্টা করছি আমরা। কাজের প্রয়োজনে কিংবা ভ্রমণে আমাদের প্রায়ই দুবাই আসতে হয়। এখানে বাড়ি কিনতে পারলে খুবই ভালো হবে। এ ছাড়া মুম্বাই থেকে দুবাই আসতে মাত্র আড়াই ঘণ্টা সময় লাগে।’