শাহরুখের প্রতিবেশী সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অন্যতম প্রভাবশালী দুই তারকা শাহরুখ খান ও সালমান খানের সাপে-নেউলে সম্পর্কের কথা কমবেশি সবারই জানা। কিন্তু মজার ব্যাপার হলো, অবশেষে সালমান নাকি চিরশত্রু শাহরুখেরই প্রতিবেশী হতে চলেছেন! সম্প্রতি এক খবরে ‘মিড-ডে’ জানিয়েছে, বান্দ্রায় অবস্থিত শাহরুখের ‘মান্নাত’ বাসভবনের খুব কাছেই বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিজের বিলাসবহুল বাড়িতে থাকেন বলিউডের বেশির ভাগ তারকা। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম সালমান। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে মা-বাবার সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকছেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমানের জন্য রয়েছে মাত্র এক বেডরুমের একটি ফ্ল্যাট। সূত্রটি আরও জানিয়েছে, সালমানের বেশ কয়েকটি পোষা কুকুর আছে। এ ছাড়া একটি মাত্র ঘরে বিভিন্ন জিনিসপত্র রাখার পরে আর তিলপরিমাণ জায়গাও খালি নেই। এসব কারণে ছোট্ট ফ্ল্যাটটি ছেড়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করেছেন সালমান। তিনি বান্দ্রায় অবস্থিত ‘সাগর রেশম’ নামের একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাড়ির মালিক গুজরাটি একটি পরিবার। এলাকার অন্যতম পুরোনো বাড়ি এটি। বাড়িটি থেকে স্পষ্টভাবে সমুদ্র দেখা যায়।এর আগেও সালমান খানের বাড়ি কেনা নিয়ে একাধিকবার খবর চাউর হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো খবরই সত্যে পরিণত হয়নি। ২০০৯ সালে একবার খবর রটেছিল যে, কার্টার রোডে ২০ কোটি রুপি দিয়ে বিলাসবহুল পেন্টহাউস কিনেছেন সালমান। অবশ্য তাঁর বাবা সেলিম খান তখন বিষয়টি অস্বীকার করেছিলেন।২০১২ সালেও সালমানের নতুন বাড়ি কেনার গুজব ছড়িয়েছিল। সেবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, বান্দ্রায় শাহরুখের বাসভবন মান্নাতের একদম পাশেই ৩২ কোটি রুপি খরচ করে ট্রিপ্লেক্স ফ্ল্যাট কিনছেন তিনি। এ ছাড়া চলতি বছরের শুরুতে খবর চাউর হয় যে, ফ্ল্যাট না কিনে একই এলাকায় জমি কিনছেন সালমান। তিনি সেখানে বাংলো বাড়ি বানাবেন।