শাহরুখের বন্ধুদের দলে টানছেন না সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি খবর চাউর হয়েছিল, চিরপ্রতিদ্বন্দ্বী শাহরুখ খানের কাছের বন্ধুদের দলে টানার চেষ্টা করছেন সালমান খান। শাহরুখের কাছের দুই বন্ধু করণ জোহর ও অর্জুন রামপালের সঙ্গে সালমানের দহরম-মহরম বেড়ে যাওয়াতেই এমন গুজব ডালপালা মেলেছিল। এর পরিপ্রেক্ষিতে সালমান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি দলবাজিতে বিশ্বাসী নন এবং মোটেও শাহরুখের বন্ধুদের দলে ভেড়াচ্ছেন না। এ প্রসঙ্গে সালমানের ভাষ্য, ‘আমি আমার নিজের কাজে ডুবে থাকি। কারও ব্যক্তিগত জীবন নিয়ে টানাহেঁচড়া করি না। কেউ যদি আমার সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে আসেন, তবে তাঁর কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না। কে কার বন্ধু, সেটা নিয়ে আমি মোটেও মাথা ঘামাই না, পরোয়াও করি না। এসব তুচ্ছ বিষয়কে আমি একদমই পাত্তা দিই না।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।অর্জুন রামপালের সঙ্গে শাহরুখের বাগবিতণ্ডা সম্পর্কে জানতে চাইলে সালমান বলেন, ‘তাঁদের মধ্যে আদৌ কোনো ধরনের বাগবিতণ্ডা হয়েছে কি না, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি হয়েও থাকে, তার পেছনে আমার বিন্দুমাত্র ভূমিকা নেই। কারণ, অর্জুনকে কখনোই কাছের মানুষ বলে মনে করি না আমি। সঞ্জয় দেওয়ানের পার্টিতে অর্জুনের সঙ্গে দেখা হয়েছিল। সেখানে মাত্র দুই মিনিট কথা হয়েছে আমাদের মধ্যে। এর বেশি কিছু নয়।’