শাহরুখের বাড়িতে দীপিকা-রণবীর সিং অভিসার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা-রণবীর সিং
দীপিকা-রণবীর সিং

‘রাম লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে দারুণ সুসম্পর্ক গড়ে উঠেছে। বেশ কিছুদিন হলো তাঁদের সখ্যের খবরও ডালপালা মেলেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাইয়ে শাহরুখ খানের বাড়িতে দীপিকার সঙ্গে দেখা করে মুখরোচক খবর হলেন ‘লুটেরা’ তারকা রণবীর সিং।

ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং চলছে দুবাইয়ে। ছবিটিতে শাহরুখের সহশিল্পী দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ ও ভিভান শাহ। দুবাইয়ে শাহরুখ তাঁর বিলাসবহুল বাড়িতে ফারাহ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির সহশিল্পীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। ভিন্ন ভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে শাহরুখের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁরা একাধিকবার শাহরুখের বাড়িতে হাজিরও হন।

শাহরুখের বাড়িতে গিয়ে ফিফা ও অন্যান্য ভিডিও গেমস নিয়ে মেতে ওঠেন ছেলে অতিথিরা। আর মেয়ে অতিথিরা মেতে ওঠেন খোশগল্পে। ‘বলিউড বাদশাহ’ শাহরুখের বাড়ির পেছনে নৌকায় চেপেও ঘুরে বেড়ান আমন্ত্রিত অতিথিরা। সম্প্রতি এক খবরে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এক সন্ধ্যায় দুবাইয়ে শাহরুখের বাড়িতে গিয়ে হাজির হন রণবীর সিং। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে না ফিরে সোজা চলে যান সেখানে। রণবীরকে দেখে আমন্ত্রিত অতিথিরা বিস্ময়ে হতবাক হয়ে যান।

বলাই বাহুল্য, দীপিকার সঙ্গে দেখা করাই ছিল রণবীর সিংয়ের দুবাই ভ্রমণের মূল উদ্দেশ্য। তাঁকে দীপিকার সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগও করে দেন ‘কিং অব রোমান্স’ তকমা পাওয়া শাহরুখ খান।