শাহরুখের বাড়িতে পুলিশ
এবারের আইপিএল মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ফাইনাল নিশ্চিত করায় তিনি আনন্দে ডিগবাজি খেলেও, বেরসিক পুলিশ যেন সেই আনন্দকে মাটি করতেই সম্প্রতি হাজির হয়েছিল তাঁর বাড়ি মান্নাতে। অবশ্য সে সময় বাড়িতে ছিলেন না শাহরুখ।প্রকাশ্যে ধূমপান করায় শাহরুখের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৬ মে জয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ-সংবলিত সমন পৌঁছে দিতেই শাহরুখের মান্নাতে গিয়ে হাজির হয়েছিল পুলিশ।রাজস্থান পুলিশের পক্ষ থেকে কনস্টেবল চিতার মাল বান্দ্রা পুলিশের সহায়তায় ২২ মে বিকেলে মান্নাতে গিয়েছিলেন। কিন্তু তার আগেই কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের মধ্যকার সেমিফাইনাল ম্যাচ দেখতে পুনের উদ্দেশে যাত্রা করেছিলেন শাহরুখ। এ কারণে পুলিশ তাঁকে বাড়িতে পায়নি।এ প্রসঙ্গে কনস্টেবল চিতার মালের উদ্ধৃতি দিয়ে মিড-ডে জানিয়েছে, ‘আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগতভাবে শাহরুখের হাতে সমন পৌঁছে দেওয়ার আদেশ দিয়েছেন আমাকে। বাসায় তাঁকে না পাওয়া গেলে তাঁর পরিবারের অন্য কোনো সদস্যের হাতে এটা পৌঁছে দিয়ে তাঁদের স্বাক্ষর নেওয়ার নির্দেশনা রয়েছে আমার ওপর।’ এদিকে বান্দ্রা পুলিশের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অভয় শাস্ত্রী জানিয়েছেন, ‘মঙ্গলবার বেলা তিনটায় রাজস্থান পুলিশ আমাদের এখানে আসে। এরপর কনস্টেবল চিতার মালকে শাহরুখের বাড়িতে যাওয়ার জন্য আমরা সাহায্য করি। শাহরুখ বাড়িতে না থাকায় তাঁর এক আত্মীয়ের হাতে সমন হস্তান্তর করা হয়েছে।’শাহরুখের বাড়িতে পুলিশ হাজির হলে সেখানে প্রচুর লোক জমে যায়। শাহরুখকে একনজর দেখার জন্য মান্নাতের সামনে সবাই দাঁড়িয়ে পড়েন। এর ফলে সেখানে প্রচণ্ড ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।