শাহরুখের বিরুদ্ধে আবারও মামলা
একের পর এক মামলার ঝামেলায় জড়িয়ে পড়ছেন ‘রা ওয়ান’খ্যাত বলিউডের অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি ভারতের জাতীয় পতাকার প্রতি অশ্রদ্ধা দেখানোর অভিযোগে একটি মামলা হয়েছে শাহরুখের বিরুদ্ধে। এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।শাহরুখের বিরুদ্ধে এ মামলা করেছেন এক সমাজকর্মী, নাম রবীন্দ্র ব্রাহ্মী। মামলার পেছনের কারণ সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘একটি ওয়েবসাইটে শাহরুখের কয়েকটি ছবি দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি। ২০১১ সালের ২ এপ্রিল ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেদিন অনেকের মতো শাহরুখও পতাকা উড়িয়ে উল্লাস করছিলেন। কিন্তু তিনি পতাকাটা ধরেছিলেন উল্টো করে। নিয়ম অনুযায়ী পতাকার জাফরান অংশটুকু ওপরে আর সবুজ অংশটুকু নিচে রাখতে হয়। কিন্তু সেদিন পতাকা ওড়ানোর সময় শাহরুখ এর বিপরীতটাই করেছিলেন।’রবীন্দ্র আরও বলেন, ‘জাতীয় পতাকা হাতে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীনের মতো কাণ্ড ঘটানোর বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ থাকলে শাহরুখ ভুলবশতও এমনটি করতে পারতেন না। এ ছাড়া তরুণ প্রজন্মের অনেকেই তাঁকে আদর্শ হিসেবে মানেন, অনুকরণ করার চেষ্টা করেন। আমি আশা করব, ভবিষ্যতে জাতীয় পতাকা হাতে নিলে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেবেন শাহরুখ।’এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে রবীন্দ্র ব্রাহ্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরুখের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। প্রিভেনশন অব ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্টের আওতায় এ মামলা গ্রহণ করেছে পুলিশ।