শাহরুখের বিরুদ্ধে এবারে ফৌজদারি মামলা
এ বছরের মে মাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের দায়ে বলিউডের অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছিল। এবারে সেই একই ঘটনায় ফৌজদারি মামলা ঠুকে দেওয়া হয়েছে শাহরুখের বিরুদ্ধে।১৮ জুন সোমবার ভারতের ইন্দোর জেলার স্থানীয় আদালতে মামলাটি দায়ের করেছেন আইনজীবী ইন্দ্রজিত্ সিং ভাটিয়া। মামলাটি গ্রহণ করেছেন ম্যাজিস্ট্রেট সংগীতা তিওয়ারি। তিনি মামলার শুনানির দিন ধার্য করেছেন ৯ জুলাই। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। মামলার অভিযোগে ভাটিয়া উল্লেখ করেছেন, ‘আর সবার মতো বলিউডের অভিনেতা শাহরুখ খানও আইনের ঊর্ধ্বে নন।’ শাহরুখের বিরুদ্ধে ভারতীয় পেনাল কোডের ২৯৪ (আপত্তিজনক কর্মকাণ্ড), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৩৫৩ (হামলা চালিয়ে সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া) এবং ৪৯৯ (মানহানি) ধারায় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ভাটিয়া। উল্লেখ্য, ১৬ মে বুধবার রাতে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেট ম্যাচ দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন শাহরুখ। একপর্যায়ে শাহরুখ ও তাঁর দেহরক্ষীরা মূল খেলার মাঠে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তাকর্মীদের বাধার মুখে পড়েন তাঁরা। এতে শাহরুখ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এমসিএ কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার পরপরই তাঁকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটি তাঁর বিরুদ্ধে মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করে।