শাহরুখের বিরুদ্ধে মামলা করছেন মনোজ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা শাহরুখ খান ও ‘ওম শান্তি ওম’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আগামীকাল ২ এপ্রিল মামলা করছেন পদ্মশ্রী খেতাব পাওয়া বর্ষীয়ান বলিউডি অভিনেতা মনোজ কুমার। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ চলচ্চিত্র যৌথভাবে প্রযোজনা করেছিল ইরোস ইন্টারন্যাশনাল এবং শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। ফারাহ খান পরিচালিত ওই ছবির কয়েকটি দৃশ্যে মনোজ কুমারকে নিয়ে ব্যঙ্গ করায় দারুণ চটেছিলেন তিনি। সে সময় বিষয়টি আদালত পর্যন্তও গড়ায়। ছবিটি ছোটপর্দায় প্রদর্শনের আগে আপত্তিকর দৃশ্যগুলো বাদ দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয় আদালত থেকে। কিছুদিন আগে জাপানে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’। মনোজকে নিয়ে ব্যঙ্গ করা দৃশ্যসহ ছবিটি প্রদর্শিত হওয়ায় এর নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলার হুমকি দেন মনোজ। কিন্তু ছবির নির্মাতারা মীমাংসার কোনো উদ্যোগ না নেওয়ায় আগামীকাল আনুষ্ঠানিকভাবে মামলা করতে যাচ্ছেন ৭৫ বছর বয়সী এ অভিনেতা। এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই। এ প্রসঙ্গে ক্ষুব্ধ মনোজ কুমার বলেন, ‘আমাকে নিয়ে ব্যঙ্গ করা দৃশ্যসহ ছবিটি জাপানে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ছবির নির্মাতাদের আমি দুবার ক্ষমা করেছিলাম। কিন্তু আর নয়। তাঁরা আমার প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। এ ছাড়া, তাঁরা আদালতের আদেশ অমান্য করে আদালত অবমাননাও করেছেন। কারণ, ২০০৮ সালে ছবিটির সব প্রিন্ট থেকে চিরতরের জন্য আপত্তিকর দৃশ্যগুলো মুছে ফেলার আদেশ দিয়েছিলেন মুম্বাই আদালত।’মনোজ আরও বলেন, ‘আদালতের আদেশ অমান্য করে আপত্তিকর দৃশ্য বাদ না দিয়েই ছবিটি জাপানে প্রদর্শনের দায়ে আগামীকাল ২ এপ্রিল এর প্রযোজকদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করতে যাচ্ছি আমি।’