শাহরুখের বিরুদ্ধে সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ভালো যাচ্ছে না বলিউডের অভিনেতা শাহরুখ খানের। নিজের কৃতকর্মের খেসারত হিসেবে সংসারে অশান্তির পাশাপাশি একের পর এক বিতর্কে জড়িয়ে দুর্বিষহ হয়ে উঠেছে তাঁর জীবন। কাটা ঘায় নুনের ছিটা দিতেই বুঝি এবার শাহরুখের বিরুদ্ধে সমন জারি করল রাজস্থান পুলিশ। ২৬ মে শনিবার জয়পুর আদালতে হাজির হতে বলা হয়েছে ৪৬ বছর বয়সী এই তারকাকে। গত মাসে জয়পুরের শাওয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে প্রকাশ্যে ধূমপান করায় শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন আনন্দ সিং রাঠোর নামের এক ব্যক্তি। সম্প্রতি অভিযোগটি আমলে নিয়েছেন জয়পুর আদালত। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার শাহরুখকে নোটিশ পাঠিয়েছে রাজস্থান পুলিশ। ২৬ মে শুনানির জন্য জয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খান সাহেবকে। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।উল্লেখ্য, ৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের আইপিএল ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন শাহরুখ। সেখানে প্রকাশ্যে ধূমপান করার সময় ক্যামেরাবন্দি হন তিনি। এর পরিপ্রেক্ষিতে পরদিন ৯ মে জয়পুর আদালতে শাহরুখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আনন্দ সিং রাঠোর। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পুরো ভারতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হওয়া সত্ত্বেও হাজারো ক্রিকেট ভক্তের সামনে সিগারেট ফুঁকেছেন শাহরুখ। জনপ্রিয় তারকা হওয়ায় তাঁকে অনেকেই অনুসরণ করার চেষ্টা করেন। তাঁকে প্রকাশ্যে ধূমপান করতে দেখে অনেক তরুণ ভক্তই এই বাজে অভ্যাসকে রপ্ত করতে উত্সাহিত হবেন।