শাহরুখের মুখে সালমান স্তুতি!
দিন কয়েক আগে শাহরুখ খানের জন্য শুভকামনা করেছিলেন সালমান খান। এবারে তার প্রতিদান দিতেই বুঝি সালমান-ক্যাটরিনা জুটির প্রশংসা করলেন ‘রা ওয়ান’ তারকা শাহরুখ।‘এক থা টাইগার’ ছবিতে সালমান-ক্যাটরিনার রসায়ন সম্পর্কে জানতে চাইলে শাহরুখ বলেন, ‘জুটি হিসেবে চমত্কার সালমান ও ক্যাটরিনা। ‘এক থা টাইগার’ ছবিতে তাঁদের রসায়ন সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ছবিটির সাফল্য কামনা করছি। তাঁদের প্রতি আমার শুভকামনা রইল।’শাহরুখ আরও বলেন, ‘সালমান ও ক্যাটরিনা যে কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, তার সবগুলোই আমার দারুণ লেগেছে। চলচ্চিত্রশিল্পে “রসায়ন” শব্দের প্রচলন করেছে মিডিয়া। আসলে এই শব্দের গভীরতা অনেক বেশি। আমার এবং কাজলের রসায়ন নিয়েও বরাবরই নানা কথা হয়েছে। এই শব্দের অর্থটা বুঝতে কয়েক বছর সময় লেগেছে আমার।’ উল্লেখ্য, কয়েক দিন আগে সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া এক সাক্ষাত্কারে সালমান বলেছিলেন, ‘বলিউডের ছবিগুলোর মধ্যে প্রতিযোগিতা দিনকে দিন বেড়ে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ছবিগুলোর মধ্যে। আমি চাই, আমির খান, অজয় দেবগন, অক্ষয় কুমার, শাহরুখ খান থেকে শুরু করে সবার ছবিই ভালো ব্যবসা করুক।’ আর শাহরুখের ছবি সম্পর্কে সালমান বলেন, ‘অবশ্যই আমি চাই, তাঁর সব ছবি ব্যবসায়িক সাফল্য অর্জন করুক। শাহরুখের প্রতি আমার শুভকামনা রইল।’