শাহরুখের মোদিবিরোধী টুইটের অভিযোগে অগ্নি-প্রতিবাদ

‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের কথিত মোদিবিরোধী টুইটের অভিযোগে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। শাহরুখের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি তাঁর পোস্টার পোড়ানো হয়েছে। অথচ শাহরুখ আগেই পরিষ্কার করেছেন, ওই টুইট তাঁর নয়। শাহরুখের নামে ভুয়া ওই টুইট প্রকাশ করে বিতর্কের ঝড় তোলার পেছনে কলকাঠি নেড়েছেন অভিনেতা, প্রযোজক ও লেখক কমল রশিদ খান।
প্রযুক্তির ব্যবহার করে ভুয়া টুইট প্রকাশের বিষয়টি মোটেও কঠিন কোনো কাজ নয়। কমল রশিদ খান (কেআরকে) ১৮ মে শাহরুখের টুইটের ভুয়া একটি স্ক্রিন শট প্রকাশ করেন। সেখানে শাহরুখের মন্তব্য ছিল, ‘আমি বিশ্বের সবার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, যদি নরেন্দ্র মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে আমি কেবল টুইটারই নয়, ভারত ছেড়ে চিরদিনের জন্য চলে যাব।’ শাহরুখের এই ভুয়া টুইটের স্ক্রিন শটের নিচে কমল তাঁর টুইটার বার্তায় লেখেন, ‘এটা কি সত্যি? শাহরুখ ভারত ছাড়ার চ্যালেঞ্জ করছেন, নাকি করছেন না?’

বিষয়টি জানার পর শাহরুখ তাঁর নামে মিথ্যা টুইটের অভিযোগ তোলেন। বিষয়টি খোলাসা করার জন্য ১৯ মে এক টুইটার বার্তায় কিং খান লেখেন, ‘আমার একটি ভুয়া টুইট নিয়ে যেসব বোকার দল উচ্চবাচ্য করছে তাদের উদ্দেশে বলছি, আমি ওই টুইটার বার্তা লিখিনি।’
কেবল শাহরুখই নয়, বিজেপির পক্ষ থেকেও জানানো হয়, মন্তব্যটি শাহরুখের নয়। মোদিবিরোধী টুইটের পেছনে এসআরকে নয়, কলকাঠি নেড়েছে কেআরকে। বরাবরই রাজনৈতিক মন্তব্য করা থেকে দূরে থেকেছেন শাহরুখ। তিনি নিজেকে রাজনীতিবিমুখ ব্যক্তি বলেও ঘোষণা দিয়েছেন।
এত কিছুর পরও গতকাল ভারতের একটি উগ্রপন্থী দলের সদস্যরা রাস্তায় নেমে শাহরুখের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শাহরুখের পোস্টারে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট বলেন, ‘একেই বলে ইচ্ছাকৃত অন্ধত্ব। শাহরুখ যখন আসল সত্যটা আগেই প্রকাশ করেছেন, সেখানে এমন নাটকের আদৌ কোনো প্রয়োজন ছিল কি? কেবল খবরের শিরোনাম হওয়ার জন্যই এমন হীন প্রচেষ্টা। কেন যেন দিনকে দিন আমরা মনোযোগ আকর্ষণের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ছি।’
তিনি আরও বলেন, খুব বেশিদিন হয়নি যখন বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা সালমান খানের পোস্টারও পোড়ানো হয়েছিল। আহমেদাবাদে মোদির সঙ্গে সাক্ষাত্ করে ঘুড়ি ওড়ানোর কারণে সালমানের পোস্টার পোড়ানো হয়। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একশ্রেণীর মানুষ সব সময় তারকাদের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করে। মিডিয়ার উচিত, এই মানুষদের একদমই পাত্তা না দেওয়া।