শাহরুখের লোকেশনে ববি!

বলিউড অভিনেতা শাহরুখ খানের দারুণ ভক্ত ঢালিউড নায়িকা ববি। তাই প্রথম প্রযোজক হয়ে সেই ভক্তের মতোই কাজটি করলেন তিনি। তাঁর প্রথম প্রযোজিত ছবি বিজলীর শুটিংও করলেন শাহরুখ খানের অভিনীত ছবির লোকেশনে। শাহরুখ খানের ম্যায় হু না ছবির শুটিং হয়েছিল দার্জিলিংয়ে সেন্ট পলসে। একই লোকেশনে বিজলীর শুটিং হয়েছে। এবার হলো শাহরুখ খানের দিলওয়ালে ছবির শুটিং লোকেশন আইসল্যান্ডের ডায়মন্ড বিচে। ৩ নভেম্বর থেকে শুরু হওয়া বিজলীর গানের শুটিং শেষ হয় গতকাল মঙ্গলবার।
লোকেশন থেকে মুঠোফোনে ববি বলেন, ‘আমার প্রিয় নায়ক শাহরুখ খান। আগে থেকেই ইচ্ছা ছিল যদি কখনো নিজে ছবি বানাই, তাহলে শাহরুখ খানের অভিনীত ছবির লোকেশনে নিজেকে ফ্রেমবন্দী করব। সেই শখ পূরণ করলাম।’
এই নায়িকা বলেন, ‘আরও সামর্থ্য হলে আগামী ছবিগুলোতেও শাহরুখের ছবির লোকেশনে নিজের ছবির শুটিং করতে চাই।’

মুঠোফোনে ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী বলেন, ‘দুটি গানের শুটিং করার কথা ছিল এখানে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে একটি গানের কাজ শেষ করতে পেরেছি। বাকি গানটি বাংলাদেশে করব।’
আইসল্যান্ডে ছবিটির শুটিংয়ের বিষয়ে ববির ইচ্ছার কথাই জানালেন এই পরিচালক। তিনি বলেন, ‘শুধু শাহরুখ খানের কারণে ববির ইচ্ছায় এখানে শুটিং করলাম।’
ডায়মন্ড বিচে ববির বিপরীতে গানে অংশ নিয়েছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর।