শাহরুখের শাস্তি মাত্র ১০০ রুপি জরিমানা!
আইপিএল ম্যাচ দেখার সময় জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে গত এপ্রিলে বলিউড তারকা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা হয়েছিল। সম্প্রতি মাত্র ১০০ রুপি জরিমানা দিয়ে এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। এ জন্য আদালতেও যেতে হয়নি তাঁকে। কেবল উকিলের হাতে জরিমানা পাঠিয়েই মুক্তি পেয়ে গেছেন শাহরুখ।সম্প্রতি জয়পুর আদালতে নিজের দোষ স্বীকার করেন শাহরুখ। এরপর বিচারক এস সি গোদারার অনুমতি সাপেক্ষে শাহরুখের পক্ষ থেকে জরিমানার অর্থ আদালতে জমা দেন তাঁর উকিল। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।শাহরুখ সামান্য জরিমানা দিয়ে মুক্তি পেয়ে যাওয়ায় ধূমপানবিরোধী আন্দোলনকারীরা সরকারের কাছে প্রকাশ্যে ধূমপানের জন্য আরও কঠোর শাস্তি প্রণয়নের দাবি তুলেছেন, বিশেষ করে ধূমপানবিরোধী আইন লঙ্ঘন করা যাঁদের একরকম অভ্যাসে পরিণত হয়েছে, তাঁদেরকে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দীর্ঘ মেয়াদি কারাদণ্ডাদেশ দেওয়ার দাবি তোলা হয়েছে।এ প্রসঙ্গে ন্যাশনাল অর্গানাইজেশন ফর টোব্যাকো ইরাডিকেশনের জেনারেল সেক্রেটারি শেখর সালকার বলেন, ‘অনেকের কাছে ধূমপানবিরোধী আইন লঙ্ঘন করা একরকম অভ্যাসে পরিণত হয়েছে, বিশেষ করে চলচ্চিত্র তারকাদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। প্রচলিত আইনে যে জরিমানার বিধান রাখা হয়েছে, তা এসব তারকার জন্য কিছুই নয়।’