শাহরুখের সঙ্গে অভিনয়ের স্বপ্ন মৌসুমী হামিদের!

মৌসুমী হামিদ। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার অন্যতম একজন প্রতিযোগী। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর থেকে মডেলিং-অভিনয় জগতে কাজ শুরু করেন তিনি। গত কয়েক বছরে বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করে দর্শক-নন্দিত হয়েছেন। কাজ করেছেন দুই বাংলার টিভি সিরিয়াল ‘রোশনীর’ নাম ভূমিকায়। টিভি নাটকের পর নাম লিখিয়েছিলেন চলচ্চিত্রেও। কিন্তু প্রথম চলচ্চিত্র নিয়ে দারুণ হতাশও হয়েছেন। কাজ শুরু করেছেন নতুন আরও দুটি চলচ্চিত্রে। সবকিছু নিয়ে গতকাল শুক্রবার কথা বলেছেন তিনি।
‘হাডসনের বন্দুক’...
সৈয়দ শামসুল হকের ‘হাডসনের বন্দুক’ অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। প্রশান্ত অধিকারীর পরিচালনায় গত বছরের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু করেছিলাম। কয়েক দফা শুটিং করেছিলাম। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে টানা শুটিং করা সম্ভব হয়নি। চার মাস পর আবার শুটিং শুরু হয়েছে। আমি আজ (শুক্রবার) রাতে সিলেটের শ্রীমঙ্গলে শুটিং করতে যাচ্ছি। এ ছাড়া ‘জালালের পিতাগণ’ নামের আরেকটি চলচ্চিত্রেও আমি কাজ করছি।
নাটক থেকে চলচ্চিত্রে...
আমি সিনেমা অনেক ভালোবাসি। আমার মনে হয়, সিনেমায় কাজ করলে অভিনয় জীবনে অনেক কিছু শেখা যায়। আমিও চাই আমাকে দর্শকেরা বড় পর্দায় বেশি দেখুক। আমার নিজের ইচ্ছেও ছিল এমনটাই।
সিনেমায় কাজ করে যেমন লাগছে...
খারাপ না। সিনেমার কাজ আমি দারুণ উপভোগ করছি।
সিনেমায় কার সঙ্গে অভিনয়ের স্বপ্ন দেখেন...
স্বপ্ন যদি বলেন, তাহলে অবশ্যই শাহরুখ খান ও লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে অভিনয় করতে চাই। দুজনেই আমার অসম্ভব পছন্দের অভিনয়শিল্পী। ছবি দেখতে দেখতে তাঁদের প্রেমে পড়ে গেছি বলতে পারেন। আর বাংলাদেশে শাকিব খান আর আরেফিন শুভ আমার প্রিয় নায়ক।
নাটকের কাজ কেমন চলছে?
দুর্দান্ত। আমি এখন নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ করছি। এই নাটকে অভিনয় করে আমি নিজেও অনেক বেশি উচ্ছ্বসিত। আফসানা মিমি পরিচালিত নাটকটির নাম ‘সাতটি তারার তিমির’। এই নাটকের মাধ্যমে মিমি আপার সঙ্গে প্রথম কাজ করছি।
অবসরে কী করেন...
বেশ কিছুদিন ধরে কোনো অবসর মিলছে না। শুটিং নিয়ে দৌড়ের ওপর আছি। তবে যখন অবসর মেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। অবসর পেলে সাগর পাড়ে ঘুরে বেড়াতে সবচেয়ে বেশি পছন্দ করি আমি।
অনেক দিন ধরে অভিনয় করছেন। আপনার পছন্দের সহশিল্পী কে...
অভিনয়ে আমার সবচেয়ে পছন্দের সহশিল্পী ডলি জহুর। তাঁর তুলনা তিনি নিজে। আর পুরুষ সহশিল্পীদের মধ্যে আমার পছন্দ সাজু খাদেম। তিনি যখন সেটে থাকেন সারাক্ষণ সবাইকে মাতিয়ে রাখেন।