শাহরুখের সাদা চুল!

আসছে নভেম্বরে ৪৮ বছরে পা রাখবেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। এই বয়সে মাথায় সাদা চুল থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। এত দিন শাহরুখের মাথায় সাদা চুল দেখা না গেলেও সম্প্রতি এমন রূপেই দেখা গেছে তাঁকে। এর পেছনের কারণ সম্পর্কে কিং খান বলেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে চরিত্রের প্রয়োজনেই তিনি চুলে সাদা রং করিয়েছেন।
‘দ্য রোল অব কারেজ ইন সাকসেস’-এর মতো গুরুগম্ভীর বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য সম্প্রতি শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিল অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। সেখানে তাঁর সাদা চুলের রহস্য সম্পর্কে জানতে চাইলে শাহরুখ বলেন, ‘আমি “হ্যাপি নিউ ইয়ার” ছবির শুটিং করছি। ছবিটিতে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্যই চুলে সাদা রং করাতে হয়েছে আমাকে।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
শাহরুখ আরও বলেন, ‘আমি এখনো সাদা চুলে অভ্যস্ত হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, আমার নতুন এই রূপ সবার পছন্দ হবে।’