শাহরুখের ৫০ হাজার রুপি জরিমানা!
সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের অভিনেতা শাহরুখ খানের। সম্প্রতি ৫০ হাজার ভারতীয় রুপি জরিমানা গুনতে হয়েছে ৪৬ বছর বয়সী এ ‘রা ওয়ান’ তারকাকে। এ সমস্যার জালে তিনি জড়িয়ে গেছেন অবৈধভাবে ‘রা ওয়ান’ ছবির বিলবোর্ড টাঙানোয়। এক খবরে জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।দিন কয়েক আগে শাহরুখের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘রা ওয়ান’ ছবির বিলবোর্ড টাঙানোর অনুমতি চাওয়া হয় নগর কর্তৃপক্ষের কাছে। শাহরুখের অফিস ভবনের কাচের দেয়ালে ভিনাইল বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হলেও আলোক-সজ্জিত বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু নিয়ম লঙ্ঘন করে ভবনে আলোক-সজ্জিত বিলবোর্ড স্থাপন করেন শাহরুখ।অনুমতি ছাড়াই আলোক-সজ্জিত বিলবোর্ড স্থাপনের বিষয়টি জানার পর কর্তৃপক্ষ শাহরুখকে ৫০ হাজার রুপি জরিমানা করে। জরিমানা পরিশোধের জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। নইলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।অবশ্য এরই মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করেছেন শাহরুখ। আর ওই অফিস ভবন থেকে ‘রা ওয়ান’ ছবির সেই বিলবোর্ডটিও সরিয়ে নেওয়া হয়েছে।