শাহরুখের ‘নতুন বন্ধু’ অক্ষয়!
ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব দুজনের মধ্যে অতীতে তেমন না থাকলেও সম্প্রতি ‘বন্ধুত্ব’ বেড়েছে শাহরুখ খান-অক্ষয় কুমারের। এবারের আইপিএল মৌসুম থেকে ‘রাওডি রাঠোর’-এর প্রচারণা—এ দুই তারকাকে ঘনিষ্ঠতর সম্পর্কে বেঁধেছে বলেই অনেকে মনে করছেন। অবশ্য আদতে নাকি এর পেছনে কলকাঠি নাড়ছেন তাঁদের অর্ধাঙ্গিনীরা! এক খবরে জানিয়েছে মুম্বাই মিরর।১৯৯৭ সালে মুক্তি পাওয়া যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও অক্ষয় কুমার। তবে ছবিটিতে অক্ষয়ের উপস্থিতিটা ছিল অল্প সময়ের।২০০৭ সালের আগস্টে মুক্তি পাওয়া সাজিদ খানের ‘হেই বেবি’ ছবির একটি গানেও অবশ্য দেখা গিয়েছিল শাহরুখ ও অক্ষয়কে। তবে শাহরুখ ও অক্ষয়—এ দুজনের সম্পর্কটা খুব একটা বন্ধুত্বপূর্ণ বা ঘনিষ্ঠ ছিল না। আবার দুজনের মধ্যে কখনো কোনো প্রতিযোগিতাও ছিল না। তবে শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খান যখন তাঁর ‘তিস মার খান’ ছবিটির জন্য অক্ষয় কুমারকে নির্বাচিত করেন—সে সময় থেকেই সংবাদমাধ্যমের কারণে তাঁরা দুজন ক্রমশ একে অপরের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। জানা গেছে, শাহরুখ ও অক্ষয়ের মধ্যকার এই বৈরী মনোভাবটা স্বাভাবিক করতে এগিয়ে আসেন দুজনের সহধর্মিণী গৌরি খান ও টুইঙ্কেল খান্না। তাঁদের দুজনের সম্পর্কটি বেশ ঘনিষ্ঠ। শাহরুখ খান অক্ষয়ের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব না থাকলেও তাঁদের স্ত্রীদের রয়েছে গলায় গলায় ভাব। একসঙ্গে শাহরুখ, অক্ষয় ও হূতিকের স্ত্রী ব্যবসায়ও জড়িয়েছেন। ব্যবসার বাইরেও এই তিন তারকার স্ত্রীরা বেশির ভাগ সময় একসঙ্গে আড্ডায় মেতে থাকেন। স্বামীদের মধ্যে বন্ধুত্ব তৈরি না হলেও স্ত্রীদের কারণেই শেষ পর্যন্ত তাঁদের তিনজনের মধ্যে একধরনের স্বাভাবিক সম্পর্ক রয়েছে।গতকাল বলিউডে মুক্তি পেয়েছে প্রভু দেবা পরিচালিত রাওডি রাঠোর ছবিটি। অক্ষয় ও সোনাক্ষি সিনহা অভিনীত আলোচিত এ ছবিটি মুক্তির আগে কেটনাভ থিয়েটারে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে গত বৃহস্পতিবার রাতে শাহরুখ খানের মান্নাতেও ছবিটির একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।মান্নাতের ব্যক্তিগত প্রদর্শনীতে অক্ষয়-টুইঙ্কেল ও শাহরুখ-গৌরি দম্পতি রাওডি রাঠোর ছবিটি উপভোগ করেন। মান্নাতের ঘনিষ্ঠতা ছাড়াও সম্প্রতি আইপিএল চলাকালীন শাহরুখ খান ও অক্ষয় কুমার—দুজনই বলিউডের নামী নৃত্য পরিচালক ও নির্মাতা প্রভু দেবার বাড়িতে অনেকক্ষণ চুটিয়ে আড্ডা মেরেছেন। এ আড্ডা দেওয়া দেখে অনেকেই মনে করছেন, তাঁদের দুজনের মধ্যে নতুন একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে।একদিকে শাহরুখের আইপিএল সাফল্য অন্যদিকে অক্ষয়ের ‘হাউসফুল টু’ ছবিটির সফলতার কারণের দুজনেই বেশ খোশ মেজাজে রয়েছেন। সব মিলিয়ে গত বৃহস্পতিবার শাহরুখের বাড়ি মান্নাতের পরিবেশটা ছিল বেশ আবেগঘন। এদিকে এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অক্ষয় নিজে থেকেই নাকি চেয়েছিলেন শাহরুখ খান রাওডি রাঠোর ছবিটি যেন দেখেন। আর সে জন্যই ব্যক্তিগতভাবে এ প্রদর্শনীর আয়োজন করা। সবদিক বিবেচনায় ধারণা করা হচ্ছে, শাহরুখ ও অক্ষয় এই ধরনের বন্ধুত্বের কারণে হয়তো খুব শিগগিরই দিল তো পাগল হ্যায় ছবির মতো আরও একটি নতুন ছবিতে দেখা যেতে পারে। তবে সবকিছু আসলে সময়ই বলে দেবে।