শাহরুখের ‘ভূতুড়ে’ টুইট
ভূতুড়ে কাণ্ডই বটে! ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান টুইটার ছেড়েছেন সেই জানুয়ারি মাসে। এখন পর্যন্ত টুইটারে না ফিরলেও, সম্প্রতি শাহরুখের একটি টুইটার বার্তা পেয়েছেন বলিউডের প্লেব্যাক গায়ক মিকা। ভূতুড়ে এ কাণ্ডের পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির জন্যই নাকি এমনটা ঘটেছে।শাহরুখ সর্বশেষ টুইট করেছিলেন গত ৯ জানুয়ারি। অভিমানী সেই বার্তার পর এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় এ খুদে ব্লগসাইটে অনুপস্থিত তিনি। কিন্তু গতকাল শুক্রবার মিকা এক টুইটার বার্তায় লেখেন, ‘টুইটারে আমি শাহরুখের একটি বার্তা পেয়েছি। তিনি লিখেছেন, “মিকা সিং, আমি চাই তুমি ফিরে এসো”।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। এ প্রসঙ্গে শাহরুখের কাছের একটি সূত্র জানিয়েছে, শাহরুখ টুইটারে ফেরেননি। যান্ত্রিক ত্রুটির কারণেই এমনটা ঘটেছে। একই তথ্য জানিয়েছেন শাহরুখের কাছের বন্ধু এবং ‘ওম শান্তি ওম’ ছবির চিত্রনাট্যকার মুশতাক শেখও। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় মুশতাক লিখেছেন, ‘শাহরুখ টুইট করেননি। এখন পর্যন্ত টুইটারে ফেরার সিদ্ধান্ত তিনি নেননি। তাঁকে টুইটারে পাওয়ার জন্য সবাইকে আরও অপেক্ষা করতে হবে।’গত ৯ জানুয়ারি সর্বশেষ টুইটার বার্তায় শাহরুখ লিখেছিলেন, অন্তর্জালে প্রকাশিত বিভিন্ন মন্তব্যে ধর্মীয় বিদ্বেষ, অতি স্বদেশি মনোভাব এবং একপেশে সব মতামত দেখে তিনি মর্মাহত। তিনি আগে মনে করতেন, শক্তিশালী এ মাধ্যমটি মানুষের সংকীর্ণ মনোভাব বদলে দেবে। কিন্তু আদতে তা হয়নি।