মঞ্চে উপস্থিত সবাই মুক্তিযোদ্ধা। আয়োজকেরা সবার হাতেই তুলে দিলেন শুভেচ্ছার ফুল। তাতে নাক ডুবিয়ে ঘ্রাণ নিলেন শুধু শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। শিশুর সরলতায় উপস্থিত অতিথিদের তিনি গল্প শোনালেন। মন্ত্রমুগ্ধের মতো সেসব শুনলেন উপস্থিত দর্শকেরা। তাঁদের বেশির ভাগই ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) শিক্ষার্থী।
১১ সেপ্টেম্বর ছিল এই শিল্পীর ৬৫তম জন্মবার্ষিকী। গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই শিল্পীকে সম্মাননা জানায় ইউডার চারুকলা অনুষদ। ১৭ সেপ্টেম্বর ১৪ বছরে পা রাখতে যাচ্ছে এই অনুষদ। এ উপলক্ষে ১০ দিনের একটি শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে তারা। এতে প্রদর্শিত হয়েছে অনুষদের ৫০০ শিক্ষার্থীর প্রায় ৭০০ চিত্র ও শিল্পকর্ম।
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার ও ফরাসি নাইট উপাধিপ্রাপ্ত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘স্টেনগানে ৩৪টি গুলি থাকে। আমরা খুব হিসেব করে গুলি খরচ করতাম। শাহাবুদ্দিন একবার এক পাক সেনাকে মারতে ৩৪টি গুলিই খরচ করে ফেলল। আমি তাঁকে বললাম, সব গুলি শেষ করে ফেললে! শাহাবুদ্দিন বলল, রাজাকার হলে কম গুলি করতাম। পাকিস্তানি সেনা বলে সব খরচ করলাম।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি সাবেক সাংসদ অধ্যাপক আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান।
অনুষ্ঠানের শুরুতে সুজন মাহবুবের নির্দেশনায় ‘আবহমান বাংলা’ গানের সঙ্গে কোরিওগ্রাফিক নাচ করেন ইউডার চারুকলার শিক্ষার্থীরা।
শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ১৯৭২ সালে শিল্পকলা একাডেমীর গোড়াপত্তনের গল্প শোনান।