শাহাবুদ্দিনের সিল্ক কাহিনী
শিল্পী শাহাবুদ্দিনের ছবির গতিময়তায় মুগ্ধ দেশ-বিদেশের কলানুরাগী দর্শক। সেই গতিময় চিত্রকলা এবার উঠে এল সিল্কের সুতার নিপুণ বুনোটে। ‘সিল্ক স্টোরি’ নামের এই ব্যতিক্রমী কাজের প্রদর্শনী শুরু হলো গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির গ্যালারি চিত্রকে।পদ্ধতির পরিভাষাগত নাম ‘হ্যান্ড এমব্রয়ডারি সিল্ক নিডল প্রিন্ট’। মাধ্যমটি অত্যন্ত শ্রম ও সময়সাধ্য। ভারত ও চীনের শিল্পীরা শাহাবুদ্দিন আহমেদের মূল চিত্র থেকে সিল্ক সুতায় বিশেষ করণ-কৌশলে তৈরি করেছেন ১৩টি শিল্পকর্ম।আয়োজকেরা জানিয়েছেন, ছাপচিত্রের এই কাজগুলো করেছেন চীন ও ভারতের শিল্পীরা। এর সমন্বয় করেছেন ভরতের অরুণ জেন ও চীনের জেনি চেন। দেশে এর আগে কোনো চিত্রকরের কাজ থেকে এই পদ্ধতিতে সিল্ক প্রিন্ট করা হয়নি। বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রদর্শনীর দুই সমন্বয়কারী অরুণ জেন ও জেনি চেন এবং চিত্রকের প্রধান নির্বাহী শিল্পী মনিরুজ্জামান। প্রদর্শনী আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।শাহাবুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, দুই বছর আগে কলকাতায় অরুণ জেন তাঁকে এই নতুন আঙ্গিকের শিল্পকর্ম সম্পর্কে ধারণা দেন। সিল্কের সুতায় চিত্রকর্মে রূপান্তরের বিষয়টি জেনে তিনি অবাক হয়েছিলেন। এর পরই তিনি অরুণকে তাঁরচিত্রকর্ম ব্যবহার করে নতুন আঙ্গিকের এই শিল্পকর্ম সৃষ্টির সুযোগ দেন। এই কাজগুলো একসময় দারুণ মূল্যবান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।অরুণ জেন বলেন, শাহাবুদ্দিন অত্যন্ত বড় মাপের শিল্পী। তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েই এই নতুন মাধ্যমে রূপান্তরের সিদ্ধান্ত নেন তিনি।এই পদ্ধতিতে কয়েকটি ধাপে সুতায় মূল চিত্রটি সৃষ্টি করা হয়। প্রথমত, সুতা বসিয়ে চিত্রপট তৈরি করা হয়। দ্বিতীয় পর্যায়ে সুচের সাহায্যে ছবির রংগুলো ওই রঙের সুতার বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। যথেষ্ট সময়, পরিশ্রম ও ধৈর্যর প্রয়োজন হয় কাজটি করতে। সিল্কের উজ্জ্বল রং দর্শকদের বিমোহিত করে। প্রদর্শনীর ১৩টি শিল্পকর্মের মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধার লাল-সবুজ পতাকা নিয়ে ছুটে চলা; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি; নারীর মুখ; ধাবমান ষাঁড়; স্নানদৃশ্য; ছুটে চলা মানুষ। প্রদর্শনী চলবে ৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।