শাহীন সামাদের সংগীতে ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান করছেন শাহীন সামাদ l ছবি: প্রথম আলো
গান করছেন শাহীন সামাদ l ছবি: প্রথম আলো

‘জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি’ গানটি গাইছিলেন তিনি। মঞ্চে তাঁর একটি হাস্যোজ্জ্বল মায়াকাড়া ছবি।
কবি সুফিয়া কামাল মিলনায়তনের আসন ফুরিয়েছিল অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে, গান শুরুর অনেক আগে। দাঁড়িয়েও গান শুনছিলেন অনেক দর্শক। নজরুলের গানের শিল্পী শাহীন সামাদ তাঁর সংগীতজীবনের ৫০ পার করলেন। সেই উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় জাদুঘরে এ আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’।
শরণার্থী শিবির আর রণাঙ্গনে গান শুনিয়ে যোদ্ধা ও শরণার্থীদের উজ্জীবিত করার সৌভাগ্য কজনার হয়, গান শুনতে এসে তাঁর সম্পর্কে বললেন অতিথি রামেন্দু মজুমদার।
রেডিওতে নজরুলের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন এই শিল্পী।
অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বললেন, গান হোক অশুভের বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ।
গান শুরুর আগে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনেকে। তাঁকে নিয়ে কয়েকটি কথা বলেন এই অনুষ্ঠানের সভাপতি আইনজীবী আমীর-উল ইসলাম, বঙ্গবন্ধুর সহকারী প্রেস সচিব কাইয়ুম রেজা চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বঙ্গবন্ধু মহিলা পরিষদের সভাপতি খালেদা বেগম, আমরা সূর্যমুখীর সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম সেলিম ও শিল্পী সৈয়দ আব্দুল হাদী।
সংগীতসন্ধ্যা শুরু হয় ‘পোহালো পোহালো নিশি, খোলো গো আঁখি’ দিয়ে।
কণ্ঠ ছাড়ার আগে হারমোনিয়ামে হাত রেখেই নিজ সংগীত শিক্ষাকেন্দ্র ছায়ানটের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
গল্প করতে করতে তিনি শোনান ‘আমি ভাই খ্যাপা বাউল’, ‘একবার গাল ভরা মা ডাকে’ গানগুলো। গেয়েছেন মুক্তিযুদ্ধের কয়েকটি গান।