শাহীনাকে নিয়ে সুমন কল্যাণের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধারের একেবারে শেষ পর্যায়ে প্রাণ হারানো হতভাগ্য পোশাক শ্রমিক শাহীনাকে নিয়ে রবিউল ইসলাম জীবনের লেখা গানে কণ্ঠ দিলেন সুমন কল্যাণ। ‘বোনরে তোকে ভুলতে কি মোরা পারি/বুকের ভেতর আগুন আহাজারি/তোর চিৎকার ভেঙেছে মনের বাঁধ/তবু পারিনি মেটাতে বাঁচার সাধ/ মোরা শুনি শুধু শুনি তোর কান্না বারে বারে/তুই থাক ভালো থাক ওই দূরের অন্ধকারে/শাহীনা শাহীনা তুই দুঃখী বাংলার মুখ/ক্ষমা করে দিস মোদের, শোকে ছিঁড়ে যায় বুক’- গানের এমন কথায় সুর ও সংগীত পরিচালনাও করেছেন সুমন কল্যাণ। ২৯ এপ্রিল সন্ধ্যায় মগবাজার ওয়্যারলেসে অবস্থিত কম্পোজ স্ট্যান্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং করা হয়। গানটি প্রসঙ্গে সুমন কল্যাণ বলেন, ‘আশার আলো জ্বলতে জ্বলতে শেষ মুহূর্তে নিভে যায় শাহীনার জীবন প্রদীপ! তাঁর এই মৃত্যুতে সারাদেশের মানুষ ভীষণ শোকাহত। আমি নিজেও অত্যন্ত ব্যথিত। সেই ভাবনা এবং নিহত-আহত সকল পোশাক শ্রমিকের প্রতি ভালোবাসা থেকেই গানটি।’ সুমন কল্যাণ আরও বলেন, ‘শাহীনা এখানে প্রতীকী রূপ। মূলত গানটির মাধ্যমে আমরা রানা প্লাজা ধসে নিহত-আহত সকল পোশাক শ্রমিককে স্মরণ করেছি।’ বেতার, টেলিভিশন এবং অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে গানটি প্রচার করা হবে বলেও জানান তাঁরা।