শাহ্তাজের কাজ না করার নেপথ্যে

কাজের খবর জানতেই ফোন করা মডেল ও অভিনেত্রী শাহ্তাজকে। কিন্তু মুঠোফোনের ওপাশ থেকে কথার শুরুতেই জানিয়ে দিলেন, এখন কোনো কাজই করছেন না। যত কাজের অফার আসছে সবকিছুর জন্যই সময় দিচ্ছেন নতুন বছরের জানুয়ারিতে। এর কারণ? কারণটাও ব্যাখ্যা করলেন শাহ্তাজ। ডিসেম্বর জুড়ে তাঁর এ লেভেল পরীক্ষা চলবে। এ কারণেই আপাতত মিডিয়ার কাজ শিকেয় উঠেছে তার। পরীক্ষা শেষ হলে আবারও ঝাঁপিয়ে পড়বেন নানান কাজে। এ কারণে এখনই কথাবার্তা চূড়ান্ত করে রাখছেন তিনি।
শাহ্তাজ বললেন, ‘আমি কদিন আগে একটা বিজ্ঞাপনের কাজ করেছি। এ ছাড়া, মুস্তাফিজের সঙ্গে একটা বিজ্ঞাপন করেছিলাম। কিন্তু সেটি কোনো এক কারণে বাতিল হয়ে গেছে। তাই আপাতত বেকার বলতে পারেন।’
পরীক্ষা শেষ করে শাহ্তাজ ঢুকবেন বিশ্ববিদ্যালয়ে। এটা নিয়েও বেশ আনন্দিত তিনি। বললেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে পড়ব এটা ভাবতেই ভালো লাগছে। আমি দারুণ খুশি।’
এরই মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে কাজ করে পরিচিত পেয়েছেন শাহ্তাজ। গেল ভালোবাসা দিবসে তাহসানের বিপরীতে একটি নাটকে অভিনয় করে নজর কাড়েন তিনি। কথা প্রসঙ্গে জানালেন, একটি ধারাবাহিকে অভিনয় করার ব্যাপারেও কথা চলছে তাঁর। সেটাও করবেন পরীক্ষার পরেই।