শাহ্ আবদুল করিমের জন্মশতবর্ষে বছরব্যাপী আয়োজন
‘মায়া লাগাইছে বন্দে পীরিতি শিখাইসে’, ‘কুঞ্জ সাজাওগো’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বসন্ত বাতাসে সইগো’র মতো এমন অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা বাউল শাহ্ আবদুল করিমের জন্মশত বার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি। একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীর জন্ম বাংলার লোকসংস্কৃতি ভান্ডার খ্যাত ভাটি অঞ্চলে, বাংলা ১৩২২ (ইংরেজি ১৯১৬) সালে।
এই বাউল সাধক তাঁর জন্ম তারিখ সম্পর্কে বলেছেন, ‘মা বলেছেন জন্ম আমার ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার’। সে অনুযায়ী তাঁর জন্মদিন ১৬ ফেব্রুয়ারি। এ বছর বাউল সাধক শাহ আবদুল করিমের শতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে বছর ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি।
আজ শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক, শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন জাতীয় কমিটির সদস্যসচিব হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক লেখক শাকুর মজিদ, ঝুনা চৌধুরী, সদস্য মানজার চৌধুরী, আহমেদ গিয়াস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ছাড়াও এই উৎসব কার্যক্রম পরিচালিত হবে পশ্চিমবঙ্গের বর্ধমান, কলকাতা এবং আসামের শিলচর ও করিমগঞ্জে।
এ ছাড়া, প্রস্তুতি অনুযায়ী উৎসবের পরিসর আরও বাড়বে। এ উৎসবে শাহ আবদুল করিমের জীবন ও কর্মকে তুলে ধরার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা।
উৎসব উপলক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সভাপতি করে ১০২ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ও সংগীতজ্ঞ সুজেয় শ্যাম।
সংবাদ সম্মেলনে গোলাম কুদ্দুছ বলেন, ‘দ্রুত বদলে যাওয়া সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক বিবর্তন শাহ আবদুল করিমের গানে যেমন স্পষ্টতা পেয়েছে, তেমনি লালন ও পালন পরবর্তী সময়ের বাউল দর্শনের অন্যতম ধারক ও সাধক তিনি। তাঁর সংগ্রামের হাতিয়ার ‘গান’। ধর্মান্ধতার বিরুদ্ধে, ভণ্ড রাজনীতির বিরুদ্ধে, ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি তাঁর এই হাতিয়ার ব্যবহার করেছেন।’
শাহ আবদুল করিমকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের পরিচালক ও মঞ্চনাটকের রচয়িতা স্থপতি শাকুর মজিদ জানান, শাহ আবদুল করিমকে নিয়ে ইংরেজি ভাষায় একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন, যেটি উৎসবে উদ্বোধনের পরিকল্পনা আছে।
হাসান আরিফ জানান, ‘আপাতত বাংলাদেশ এবং ভারতের এই কয়েকটি অঞ্চলের উৎসবের কর্মসূচির ঘোষণা দিলেও প্রস্তুতি অনুযায়ী পর্যায়ক্রমে বিশ্বের অন্য দেশেও উৎসব করার পরিকল্পনা আছে তাঁদের।’