শিক্ষক শোয়েব আর ছাত্রী মম
অভিনেতা শোয়েব আর লাক্স তারকা মমকে এবার শিক্ষক ও ছাত্রীর ভূমিকায় দেখা যাবে। কিশোর মাহমুদের চিত্রনাট্য ও পরিচালনায় তার কেউ নেই নামে একটি খণ্ড নাটকে এ দুজনকে শিক্ষক ও ছাত্রী হিসেবে অভিনয় করতে দেখা যাবে। আজ শুক্রবার থেকে পুরান ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির চিত্রায়নের কাজ শুরু হয়েছে।নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শোয়েব বলেন, ‘একটি অফ ট্র্যাকের গল্প। স্ক্রিপ্টটা ভালো লেগেছে। এ পর্যন্ত যা কাজ হয়েছে তাতে মনে হচ্ছে নাটকটি ভালোই হবে। নাটকে আমি একজন শিক্ষিত বেকার। বিভিন্ন বাড়িতে টিউশনি করে খরচ চালাতে হয়। একপর্যায়ে আমার সঙ্গে অনুপমা নামের একটি মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু সে যখন বিয়ে করার কথা বলে অর্থনৈতিক সমস্যার কারণে তা করতে পারি না।’মম বলেন, ‘এটি গতানুগতিক ধারার প্রেমের নাটক নয়। গল্পটি ভালো লাগায় কাজ করতে রাজি হয়েছি।’ পরিচালক কিশোর মাহমুদ বলেন, ‘এত দিন সহকারী হিসেবে কাজ করলেও এটি আমার পরিচালনায় প্রথম নাটক। আমি নাটকটিতে দেখানোর চেষ্টা করেছি অভাবের কারণে দুটি ভালোবাসার বিসর্জনের বিষয়টি। দেখা যাক কতটুকু সফল হই।’