শিক্ষকতায় প্রিয়দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়দর্শন
প্রিয়দর্শন

ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রিয়দর্শন ৩৪ বছর ধরে সিনেমা বানাচ্ছেন। এখন পর্যন্ত চার ভাষায় ৯১টি ছবি নির্মাণ করেছেন তিনি। এবার তিনি শিক্ষকতা পেশায় নাম লেখাতে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। ভারতের পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অব ইন্ডিয়ায় কয়েকটি ক্লাস নেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছেন তিনি। শিগগিরই তাঁর দেখা মিলবে সেখানকার কোনো ক্লাসরুমে।
প্রিয়দর্শনের বাবা পেশায় ছিলেন লাইব্রেরিয়ান। তিনি চাইতেন, ছেলে শিক্ষকতা করুক। কিন্তু প্রিয়দর্শনের ঝোঁক সব সময়েই ছিল চলচ্চিত্রের দিকে। তাই চলচ্চিত্র পরিচালনাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। চলচ্চিত্র বিষয়ে উচ্চশিক্ষা না নিয়েও একের পর এক অসাধারণ সব ছবি উপহার দিয়েছেন দর্শকদের। হিন্দি, মালায়লাম, তামিল ও তেলেগু ভাষায় ছবি তৈরি করেছেন তিনি।
আর মাত্র নয়টি ছবি বানালেই নির্মাতা হিসেবে প্রিয়দর্শনের সেঞ্চুরি হবে। আর এরপরেই নাকি বাবার স্বপ্ন পূরণ করতে তিনি শিক্ষকতাকে পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নেবেন। ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘হালচাল’, ‘হাঙ্গামা’ ‘ভুল ভুলাইয়া’, ‘ডোলি সাজাকে রাখনা’—এই নির্মাতার জনপ্রিয় কয়েকটি সিনেমা। টাইমস অব ইন্ডিয়া।