শিক্ষামূলক যাত্রার দ্বিতীয় পর্ব শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাপালা ‘মা মাটি মানুষ’-এর দৃশ্য
যাত্রাপালা ‘মা মাটি মানুষ’-এর দৃশ্য

এ কথা সর্বজন স্বীকৃত যে, যাত্রায় লোকশিক্ষা হয়। এক অর্থে যাত্রাদল যুগ যুগব্যাপী ভ্রাম্যমাণ বিদ্যালয়ের ভূমিকা পালন করে আসছে। যাত্রাই হচ্ছে একমাত্র মাধ্যম, যা বাংলাদেশের লোকজজীবনকে উজ্জীবিত করে। সঠিক তথ্য পৌঁছে দেয় গ্রাম-গঞ্জ ও শহর-বন্দরে। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং দেশ অপেরার তত্ত্বাবধানে সারা দেশে চলছে শিক্ষাসচেতনতামূলক যাত্রার আয়োজন। আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্ব শেষ হয় ডিসেম্বর মাসে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে চৈতালী অপেরা মা-মাটি-মানুষ এবং আগামীকাল শুক্রবার ময়মনসিংহ জেলার নান্দাইলে একই পালা মঞ্চায়ন করবেন যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার শিল্পীরা। ১৯ জানুয়ারি নাটোর জেলার সিংড়া থানার বয়লার বাজারে মহানন্দা যাত্রা ইউনিটের মেঘে ঢাকা তারা এবং ২৯ জানুয়ারি ফেনী জেলার দাগনভূঞায় দেশ অপেরার পরিবেশনায় অনুষ্ঠিত হবে অনুসন্ধান যাত্রাপালা।
গত ডিসেম্বরে অন্য চারটি দলের পরিবেশনায় দিনাজপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় শিক্ষামূলক চারটি যাত্রাপালা মঞ্চায়িত হয়।
শিশুদের স্কুলে ভর্তি, ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষা সমাপনী বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সাল থেকে গণসাক্ষরতা অভিযানের কার্যক্রমে ঐতিহ্যবাহী যাত্রাকে অন্তর্ভুক্ত করা হয়। এবং এর সার্বিক পরিচালনায় রয়েছেন যাত্রাব্যক্তিত্ব ও দেশ অপেরার অধিকারী মিলন কান্তি দে। শিক্ষামূলক যাত্রানুষ্ঠানগুলো উন্মুক্ত থাকায় প্রচুর দর্শক হচ্ছে এবং যাত্রাশিল্পের প্রতি একশ্রেণীর উন্নাসিক মহলের নেতিবাচক দৃষ্টিভঙ্গিও পাল্টাচ্ছে।