কেউ এসেছিল মায়ের হাত ধরে, কেউ বাবার, কারও কারও সঙ্গে ছিলেন দুজনই। তারা প্রত্যেকে মনের মতো সেজেছিল—কারও পরনে পাশ্চাত্য পোশাক, কারও বাঙালিয়ানা, কেউ সেজেছিল নাগরিক সাজে, কেউ কেউ গ্রামীণ। ওরা সবাই ধানমন্ডির অরণি বিদ্যালয়ের শিক্ষার্থী। এসেছিল বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে । গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছিল এই অনুষ্ঠান। মিলনায়তনের ভেতরে-বাইরে শিশুদের দৌড়ঝাঁপ, আনন্দ উল্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা পরিবেশনা, সর্বোপরি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনটি যেন গৃহবন্দী শহুরে শিশুদের মুক্তির আনন্দ উৎসবে পরিনত হয়ে ওঠে।সমবেত কণ্ঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে ‘মোদের গরব মোদের আশা’, ‘আমরা মলয় বাতাসে ভেসে যাব’সহ বিভিন্ন গান গেয়ে শোনায়। ‘একি অপরূপ রূপে মা তোমায়’ এবং ‘আমার দেশের মতো এমন দেশটি’ গানের সঙ্গে ছিল নৃত্য । সুকুমার রায়ের ‘বিষম চিন্তা’ এবং রবীন্দ্রনাথের ‘অন্য মা’ আবৃত্তি। শিশুদের সঙ্গে শিক্ষকরাও অংশনেন। সমবেত কণ্ঠে শিক্ষকেরা গেয়ে শোনান ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান’ এবং ‘অন্তর মম বিকশিত করো’। সবশেষে ছিল জাতীয় সংগীত ।দুটি বইয়ের প্রকাশনাগতকাল সোমবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ছিল শিল্প, সংস্কৃতি ও চিত্রকলা-বিষয়ক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বিকেলে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয়েছিল শিল্পী ও শিল্পানুরাগীদের মিলনমেলায়। শিল্পের ঘর বসতি এবং ভিঞ্চি পিকাসো হুসেইন সুলতান ও অন্যান্য শিরোনামে বই দুটি লিখেছেন রফিউর রাব্বি। প্রকাশ করেছে নারায়ণগঞ্জের অপরাজিতা পাবলিকেশন্স। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিকেই বইটি বিক্রি শুরু হয়েছিল। গতকাল মূলত ছিল প্রকাশনার আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ হাবিবুর রহমান। জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন শফিউদ্দীন আহমেদ, রবিউল হুসাইন, জাহিদ মোস্তফা এবং বই দুটির লেখক রফিউর রাব্বি। ভিঞ্চি পিকাসো হুসেইন সুলতান ও অন্যান্য বইটিতে ‘বিপ্লবোত্তর ফরাসি চিত্র আন্দোলন’, ‘ঋদ্ধপথিক লিওনার্দো দা ভিঞ্চি’, ‘পিকাসোর পর্বতারোহণ’, ‘ভারতের চিত্রকলা ও হুসেন’ এবং ‘স্বপ্ন দেখা সুলতান ও তাঁর পরিচয় প্রসঙ্গ’ শিরোনামে স্বতন্ত্র পাঁচটি প্রবন্ধ রয়েছে। শিল্পের ঘর বসতি বইটিতেও অনেক নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন লেখক।প্রেসক্লাবে এবিএম মূসার জন্মদিন উদ্যাপনবসন্তের শেষ বিকেলে গতকাল সোমবার প্রবীণ সাংবাদিক এবিএম মূসার জন্মদিন উদ্যাপন করা হলো জাতীয় প্রেসক্লাবে। গতকাল ছিল তাঁর ৮০তম জন্মদিন। প্রেসক্লাবের সবুজ চত্বরে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, অনুজ ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। শুভেচ্ছা জানাতে এদিন উপস্থিত ছিলেন আতাউস সামাদ, মাহবুবুল আলম, রিয়াজউদ্দিন আহমেদ, গিয়াস কামাল চৌধুরী, শওকত মাহমুদ প্রমুখ। বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, বিএফইউজের বিদায়ী মহাসচিব আলতাফ মাহমুদ প্রমুখ। তাঁরা এবিএম মূসার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের সাংবাদিকতা পেশাকে মহিমান্বিত করেছেন। শুভেচ্ছার জবাবে এবিএম মূসা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে একই সঙ্গে এবিএম মূসার সহধর্মিণী সেতারা মূসারও জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সহসভাপতি কাজী রওনাক হোসেন।নজরুলের প্রতি ভালোবাসাচুরুলিয়ার নজরুল একাডেমীর প্রতিনিধি দেবাশীষ ভট্টাচার্য ও জয়নাথ নন্দী গতকাল সোমবার কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে কবি পত্নি প্রমীলার সমাধির কয়েক মুঠো মাটি ছড়িয়ে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন । এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, খিলখিল কাজী ও অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জয়নাথ নন্দী জানান ১৬ ফেব্রুয়ারি চুরুলিয়া থেকে সাইকেল চালিয়ে তাঁরা রওনা দেন। শুধু নজরুলের প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁদের এ ভ্রমণ। নজরুলের সমাধিতে প্রমীলার মাটি মিশ্রণের পর তাঁরা কবির সমাধি থেকে মাটি সংগ্রহ করেন।