শিকড়ের টানে ‘দেশাল’
ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁইছুঁই। দেশালের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা সিটির দেশী দশ চত্বরে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান। জ্বালানো হয় মঙ্গলপ্রদীপ। মঞ্চে আসেন মানিকগঞ্জের ঢুলী দশরথ চন্দ্র মনিদাস। দুলে দুলে মাথা নাড়িয়ে ঢোল বাজিয়ে যান তিনি। দেশি ঢোলের বোলে মাতাল হয়ে ওঠে দেশী দশ চত্বর। বাতাসা, গুড় আর খই চিবোতে চিবোতে দর্শকেরা উপভোগ করতে থাকেন ঢুলীর হাতের কারুকাজ। সাজগোজের পালা শেষ করে মঞ্চে উঠতে ইসলাম উদ্দিন পালাকারের দেরি হয় সামান্য। ততক্ষণে মঞ্চ ছেড়েছেন ঢোল বাদকেরা। ‘পাষাণ মন রে আমার’ গেয়ে উঠতেই নড়েচড়ে বসেন সবাই। বাড়তে থাকে ভিড়। নাগরিকসমাজ থেকে কিছুক্ষণের জন্য সবাই মিশে যান লোকায়ত সংস্কৃতির সঙ্গে। অনুভব করেন শিকড়ের টান। পালাকার ইসলাম উদ্দিনের কণ্ঠে তখনো বেজে যায় বিরহের সুর। অনুষ্ঠানের সময় ছিল সংক্ষিপ্ত। তবুও গান শেষে ঘোর ভাঙেনি অনেকেরই। তাদের কথা, আরও কিছুক্ষণ হলে মন্দ হতো না।