শিখতে শিখতে এগোলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তিনটি চলচ্চিত্র—আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন ও শ্যামল ছায়া নির্মাণ করেছেন লেখক, ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদ। চলচ্চিত্র তিনটি নির্মাণ করতে গিয়ে নেপথ্যে অনেক ঘটনাই ঘটেছে, যা দর্শকদের অজানা। তেমন কিছু ঘটনা তিনি বয়ান করেছেন, যা শুনে লিখেছেন কবির বকুল মুক্তিযুদ্ধভিত্তিক অনেক ছবি খণ্ড খণ্ডভাবে অনেক পরিচালকই তৈরি করেছেন। মুক্তিযুদ্ধ একটি বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপারকে একটি ছবিতে তুলে আনা আমার কাছে অসম্ভব মনে হয়। ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনাগুলো আছে, সেগুলো যদি তুলে আনা যায়, তাহলে যেসব ছেলেমেয়ে মুক্তিযুদ্ধ দেখেনি তারা বুঝতে পারবে সে সময় কী ঘটেছিল। সেটা তাদের জানানো উচিত বলে আমি মনে করি। সম্প্রতি আমি ঘোষণা দিয়েছি, আর কোনো ছবি তৈরি করব না। ঘেটুপুত্র কমলা আমার শেষ ছবি। কারণ, একটি ছবি বানাতে গেলে আয়ু কমে যায়। আমি যতগুলো ছবি বানিয়েছি, প্রতিটি ছবিতে দুই বছর করে আয়ু কমে গেলে আমার অনেক আয়ু কমে গেছে। এ বয়সে আর আয়ু কমাতে চাইছি না। আগুনের পরশমণিনেপথ্য গল্প-১আমার প্রথম ছবি আগুনের পরশমণি। এই ছবি যখন প্রথম বানাতে গেছি, তখন যে খুব বেশি জানি, তা নয়। আগে জানতাম, পরিচালক যখন লাইট, ক্যামেরা তারপর অ্যাকশন বলে, তখনই ক্যামেরা চালু হয়। কিন্তু কেন জানি এই তিনটি শব্দ উচ্চারণ করতে আমার লজ্জা লাগল। শেষ পর্যন্ত লজ্জার মাথা খেয়ে শব্দ তিনটি উচ্চারণ করলাম। লাইট জ্বলল, ক্যামেরা চালু হলো, অ্যাকশন শুরু হলো। ছোট্ট একটা দৃশ্য ছিল। অল্প সময়েই শুটিং শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর সবাই হাততালি দিচ্ছে। আমিও হাততালি দিলাম এবং খুবই আনন্দ পেলাম। হঠাৎ দেখলাম, যিনি ক্যামেরাম্যান, তিনি খুবই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, ‘কী ব্যাপার, সবাই আনন্দ-ফুর্তি করছে, আপনি তাকিয়ে আছেন কেন?’ ক্যামেরাম্যান বললেন, ‘স্যার, আপনি তো “স্টপ” বলেন নাই, ক্যামেরা চলতেছে। সব রিল শেষ হয়ে গেল।’ পরে জানলাম, নিয়ম আছে, পরিচালক যতক্ষণ না ক্যামেরা বন্ধ করতে বলবে, ততক্ষণ ক্যামেরা চলতে থাকবে। প্রথম একটা জিনিস শিখলাম, শিখতে শিখতে এগোলাম। এই হলো আমার প্রথম ছবি বানানোর অভিজ্ঞতা।আগুনের পরশমণিনেপথ্য গল্প-২আগুনের পরশমণি ছবিতে আমি পাকিস্তান আর্মির ভয়াবহতা দেখাব। দৃশ্যটি হলো—তারা (পাকিস্তান আর্মি) একটি ট্রাক ভর্তি করে লাশ নিয়ে আসবে। নিয়ে এসে গর্ত করে তার মধ্যে লাশগুলো ফেলবে। ক্যামেরাটা এমনভাবে সেট করা হলো যে যখন লাশ ফেলা হবে তখন সেগুলো ক্যামেরার ওপর দিয়ে যাবে। দেখতে ভালো লাগবে। মনে হবে, মানুষ শূন্যে ভাসতে ভাসতে যাচ্ছে। একই সঙ্গে গর্তেও ক্যামেরা ধরা আছে, যেখানে লাশগুলো পড়বে। কিন্তু একটা সমস্যা তৈরি হলো। এতগুলো লাশ কোথায় পাওয়া যাবে! অবশেষে একটা ব্যবস্থা করা গেল। এফডিসির মূল ফটকের বাইরে প্রতিদিন অনেক উৎসুক মানুষ দাঁড়িয়ে থাকে। আর্টিস্টদের আসা-যাওয়া দেখা বা কখনো যদি অভিনয়ের সুযোগ পাওয়া যায়—এই আশায়। এফডিসির ফটক থেকে ৪০-৫০ জন লোক ডেকে আনা হলো। তাদের গায়ে রক্ত মাখিয়ে তোলা হলো ট্রাকে। দেখলাম, খুবই ভয় পাচ্ছে লোকগুলো। তাদের শুধু বলা হলো, ফেলার সময় নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে। নিচে ফোম বিছানো আছে, ব্যথা লাগবে না। প্রথম একজনকে ফেলা হলো। দ্বিতীয়জনকেও ফেলা হলো। কিন্তু তৃতীয়জনকে যখন ফেলা হলো, তখন সে ফোমের ওপর পড়েই উঠে দৌড়ে পালানো শুরু করল।শ্রাবণ মেঘের দিননেপথ্য গল্প-১শ্রাবণ মেঘের দিন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে একটি মেয়ে অভিনয় করেছিল। তার নাম শাওন। পরে তাকে আমি বিয়েই করলাম। যা-ই হোক, এই ছবির শেষের দিকের কাজ যখন শুরু করি, তখন শাওনের জন্ডিস হলো। ভয়াবহ জন্ডিস। কী করা? দুটো পথ তখন খোলা—এক. ছবি বন্ধ রেখে তার জন্ডিস ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করা। দুই. জন্ডিস নিয়েই শাওনকে দিয়ে এ ছবির কাজ শেষ করা, যদিও এটা খুবই অমানবিক হবে। কিন্তু এই ছবি নিজের পয়সায় বানাচ্ছি। টাকা-পয়সা সব শেষ। দু-তিন মাস অপেক্ষা করলে অভিনেতাদের পাওয়া যাবে না। ফলে ছবিটি ভ্যাবাচেকা খেয়ে যাবে। তখন আমি ওই অবস্থাতেই ছবির কাজ শুরু করলাম। আমার কোনো উপায় ছিল না। কোলে করে নিয়ে তাকে শুইয়ে দেওয়া হতো। যেদিকে তাকাত, সেদিকেই তাকিয়ে থাকত। এভাবেই শুটিং হলো। একটি দৃশ্যে অর্ধমৃত এই মেয়েকে নিয়ে নৌকায় করে ডাক্তারের কাছে ছুটছে জাহিদ হাসান ও মাহফুজ। শাওন কিন্তু তখন সত্যি সত্যি মরণাপন্ন। ওই দৃশ্যটা কিন্তু খুবই মানিয়ে গেল। মাঝেমধ্যে রোগ বা সমস্যা ছবির জন্য সহায়ক হয়, এটা আমি প্রথম লক্ষ করলাম। শাওন চমৎকার অভিনয় করেছে। দর্শক দেখে মনে করেছে, মরণাপন্ন একটি মেয়ের অভিনয় চমৎকার করেছে সে। কিন্তু তারা জানে না, সত্যি সত্যিই মেয়েটি (শাওন) ভয়াবহ অসুস্থ ছিল এবং অসুস্থতা নিয়েই কাজ করেছে। শ্যামল ছায়ানেপথ্য গল্পযেকোনো ছবি শুরু করার আগে প্রস্তুতি নিতে হয়। বেশি দিন আগে তো মুক্তিযুদ্ধ হয়নি। তখনকার ব্যবহূত যন্ত্রপাতির একটা মিউজিয়াম আছে। সেই সময়ের অস্ত্র সেখানে তারা প্রদর্শন করে। আমাকে বাংলাদেশ সেনাবাহিনী তারই একটি অংশ ব্যবহার করার সুযোগ দিয়েছিল। তারা সব সময় আমার সঙ্গে কাজ করেছে।শ্যামল ছায়া ছবিতে একইভাবে আমাকে সাহায্য করেছে। ছবিতে তাদের নাম উল্লেখ করা আছে। যুদ্ধে ব্যবহূত অস্ত্রসহ অনেক কিছুই আমাকে তারা দিয়েছিল। বড় ঘটনা হলো একজন লেখক কীভাবে ছবি বানাতে গিয়ে আস্তে আস্তে ছবির ভেতরের টেকনিক জানতে শুরু করে। শ্যামল ছায়ায় আমি একজন নামকরা চিত্রগ্রাহককে নিলাম—আনোয়ার হোসেন, অনেক ছবি করেছেন। পৃথিবীর নামকরা চিত্রগ্রাহকদের একজন তিনি। আমি খুবই খুশি হলাম যে ভালো একজন চিত্রগ্রাহক পাওয়া গেল। সমস্যা হলো, তিনি গরম সইতে পারেন না। ছবিটা হচ্ছে গরমের মধ্যে। কারণ, ছবির মধ্যে গরমকে আমার ধরতে হবে। মুক্তিযুদ্ধের কর্মকাণ্ড সব গরমকালে। প্রচণ্ড গরম, আমরা নদীতে কাজ করছি। কিছুক্ষণ কাজ করার পর আনোয়ার হোসেন গরম সহ্য করতে না পেরে একটা হাফ প্যান্ট পরে গলায় গামছা পেঁচিয়ে নদীতে নেমে পড়লেন। আমরা অপেক্ষায় থাকলাম কখন তিনি পানি থেকে ওঠেন। কিন্তু তিনি আর ওঠেন না। কারণ জানতে চাইলাম, কিন্তু তিনি আর বলেন না। পরে জানা গেল, পানির স্রোতে তাঁর এমন একটা ঘটনা ঘটেছিল, পানি থেকে ওঠা তাঁর পক্ষে সম্ভব ছিল না।মাঝেমধ্যে হয় কি, ছবি বানানোর সময় প্রকৃতি অনেক সাহায্য করে। কথাটির সম্পর্ক মুক্তিযুদ্ধের তিনটি ছবির সঙ্গে নেই। আমি এখন যে ছবি বানাচ্ছি—ঘেটুপুত্র কমলা, তার সঙ্গে সম্পর্কযুক্ত। ঘটনাটা বলি: সেটা হচ্ছে, একটি বাচ্চা ছেলে বোনের সঙ্গে কঞ্চি দিয়ে খেলা করছে একটি কলাগাছের ভেলার ওপর। ক্যামেরা তৈরি। ভেলার ওপর দুই ভাইবোন দাঁড়িয়েছে, এমন সময় বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টির পর সূর্যের আলোটা এমন হলো, তাতে রংধনু তৈরি হলো। পুরো দৃশ্যটা ধারণ করা হলো রংধনুর মধ্যে। দর্শক যখন দেখবে, তখন তারা মনে করবে যে অনেক কষ্ট করে রংধনু তৈরি করা হয়েছে। কিন্তু প্রকৃতি এটা আমাদের উপহার দিয়েছে।