শিগগির বিয়ে করে থিতু হচ্ছেন রণবীর-ক্যাট!

শিগগির বিয়ে করে থিতু হবেন বলেই ইঙ্গিত দিলেন ‘বরফি’ তারকা রণবীর কাপুর। দীর্ঘদিনের প্রেমিকা ও সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে তিনি বিয়ে করবেন কি না, তা খোলাসা না করলেও ধারণা করা হচ্ছে, অচিরেই ক্যাটরিনার সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন ‘জুনিয়র কাপুর’।
বছরের পর বছর ধরে প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন রণবীর-ক্যাটরিনা। ঘন ঘন অভিসার, অবকাশযাপনে মেতে উঠলেও এখন পর্যন্ত জনসমক্ষে নিজেদের প্রেমের কথা স্বীকার করেনি এ জুটি। তাঁরা নিশ্চুপ থাকলেও বরাবরই তাঁদের পেছনে লেগে থেকে হাঁড়ির খবর বের করার চেষ্টা করেছেন সংবাদকর্মীরা। রণবীর-ক্যাটরিনাকে নিয়ে মুখরোচক নানা খবর হর-হামেশাই প্রকাশিত হচ্ছে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও এ জুটির বিয়ের খবর চাউর হয়েছে।
এবার রণবীর-ক্যাটরিনার বিয়ের খবর চাউর হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে রণবীরের একটি মন্তব্য। সম্প্রতি বিয়ের পরিকল্পনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আশা করছি, খুব শিগগির আমার বিয়ের ঘণ্টা বাজবে। সত্যি বলতে কী, আমার বয়স বেড়ে যাচ্ছে। এরই মধ্যে জীবনের ৩১টি বছর পার করেছি আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
শিগগির বিয়ে করে থিতু হওয়ার ইঙ্গিত দিলেও, আপাতত সমস্ত মনোযোগ চলচ্চিত্রের অভিনয়ে কেন্দ্রীভূত রাখতে চান বলেই জানিয়েছেন রণবীর। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এই মুহূর্তে আমি আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত রাখতে চাই চলচ্চিত্রের অভিনয়ে। কারণ চমত্কার অনেক ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছি আমি।’